মান্নানের পদে ফেরার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি ১৩ জুলাই
গাজীপুরের মেয়র এম এ মান্নানের পদে ফেরার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হবে ১৩ জুলাই। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি আজ সোমবার চেম্বার বিচারপতি মাহমুদ হোসেন ওই দিন নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এতে মেয়র মান্নান তাঁর দায়িত্ব চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মো. আবু হানিফ। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ চেম্বার বিচারপতি স্থগিত করেননি। মেয়র মান্নান আজ দায়িত্ব নিয়েছেন এবং তা চালিয়ে যেতে পারবেন।
এর আগে গতকাল রোববার গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। তৃতীয় দফায় সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রোববার রিট আবেদন করেন মেয়র মান্নান। গত শনিবার বেলা তিনটা পর্যন্ত অফিস করে বাসায় যান গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান। বেলা সাড়ে তিনটায় তাঁকে বরখাস্ত করার চিঠি পৌঁছায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে। এর আধা ঘণ্টার মধ্যে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেন আসাদুর রহমান (কিরণ)। তিনি আওয়ামী লীগ দলীয় ওয়ার্ড কাউন্সিলর এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি।
দায়িত্ব ফিরে পাওয়ার ১৯ দিনের মাথায় তাঁকে তৃতীয়বারের মতো বরখাস্ত করা হয়েছিল। প্রতিবারই ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান আসাদুর রহমান।
২০১৩ সালে পাঁচ সিটি নির্বাচনে বিজয়ী হয়েছিলেন বিএনপি-সমর্থক প্রার্থীরা। এর মধ্যে বরিশালের মেয়র ছাড়া বাকি চার মেয়রকে মামলার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। খুলনা সিটি মেয়র আদালতের রায়ে পুনর্বহাল হন গত বছর। রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র প্রথমবার সাময়িক বরখাস্ত হওয়ার প্রায় দুই বছর পর উচ্চ আদালতের নির্দেশে গত ২ এপ্রিল দায়িত্ব ফিরে পান। মেয়রের চেয়ারে বসতে না-বসতেই ওই দিনই তাঁদের আবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়। কয়েক দিন পর আদালতের আদেশে তাঁরা আবার দায়িত্ব ফিরে পান।
২০১৩ সালের ৬ জুলাই মেয়র নির্বাচিত হন বিএনপি-সমর্থিত প্রার্থী মান্নান। কিন্তু নির্বাচিত হওয়ার চার বছরে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন সবে ১৮ মাস ১৯ দিন। জেলে কাটিয়েছেন ২২ মাস। এ সময়ে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে ২৯টি। বরখাস্ত হয়েছেন তিনবার। ২৯টি মামলা এবং বারবার বরখাস্তের ঘটনাকে ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন অনেকে।