মান্নানের ব্যাংক হিসাব জব্দ
বকেয়া কর পরিশোধ না করায় গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী এম এ মান্নানের ব্যাংক হিসাব জব্দ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের দাবি অনুযায়ী, কয়েক বছর আগে বার্ষিক আয়কর বিবরণীতে আয় গোপন করায় এম এ মান্নানের কাছে সাড়ে ২৪ লাখ টাকা পাওনা রয়েছে। তবে ব্যাংক হিসাবটি জব্দ করা হয়েছে গত ১৩ জুন। পাওনা পরিশোধ না করায় এনবিআরের কর নিরীক্ষা, তদন্ত ও পরিদর্শন বিভাগ থেকে তাঁর মার্কেন্টাইল ব্যাংকের গুলশান শাখার হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এনবিআর সূত্র জানায়, ২০০৭-০৮ অর্থবছরে স্বনির্ধারণী পদ্ধতিতে কর অঞ্চল-৫-এ জমা দেওয়া আয়কর বিবরণীতে এম এ মান্নান আট লাখ টাকার বেশি বার্ষিক আয় দেখিয়েছেন। এর বিপরীতে ৭০ হাজার টাকা কর দেন। কিন্তু এই করদাতার বার্ষিক আয় ও এর বিপরীতে প্রদেয় করের পরিমাণ মানতে পারেনি এনবিআর। ফলে আয়কর বিবরণী নিরীক্ষার উদ্যোগ নেয় এনবিআর। কয়েক দফা নিরীক্ষার পর প্রায় এক কোটি টাকার আয়ের বিপরীতে সাড়ে ২৪ লাখ টাকা কর ধার্য করে। কর পরিশোধ না করায় ব্যাংক হিসাব জব্দ করার সিদ্ধান্ত নেয় এনবিআর। প্রতিবার নিরীক্ষার পর মান্নান আপিল করেছিলেন। এনবিআরের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গাজীপুরের মান্নান প্লাজা ও বারিধারার বাড়ি থেকে প্রাপ্ত আয়সহ বেশ কিছু খাতের প্রকৃত আয় বিবরণীতে দেখাননি এম এ মান্নান। এনবিআরের কর্মকর্তারা জানান, স্বনির্ধারণী পদ্ধতিতে বার্ষিক আয়কর বিবরণীতে কর নির্ধারণ নিয়ে করদাতা ও এনবিআরের মধ্যে বিরোধ থাকলে তা নিষ্পন্ন না হওয়া পর্যন্ত অন্য বছরের বিবরণী নিরীক্ষা করা হয় না। ফলে পরবর্তী বছরের মান্নানের কর বিররণী নিরীক্ষায় আওতার আনা হয়নি। কর অঞ্চল পুনর্বিন্যাস হওয়ায় সর্বশেষ অর্থবছরে এম এ মান্নান গাজীপুর কর অঞ্চলে স্বনির্ধারণী পদ্ধতিতে বার্ষিক আয়কর বিবরণী জমা দেন। মাত্র এক লাখ ৭০ হাজার টাকা কর দেন তিনি। বার্ষিক বিবরণী জমা দেওয়ার সময় তিনি আগের কর অঞ্চলের কথা উল্লেখ করেননি বলে এনবিআর সূত্র জানায়।