মান্নানের মেয়র পদে যোগ দিতে বাধা নেই
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করে সরকারের দেওয়া আদেশ স্থগিত করেছিলেন হাইকোর্ট। গতকাল বুধবার হাইকোর্টের দেওয়া এই স্থগিতাদেশ আপিল বিভাগও বহাল রেখেছেন।
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে গাজীপুরের প্যানেল মেয়র আসাদুর রহমানের করা আবেদনের বিষয়ে গতকাল কোনো আদেশ দেননি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ। আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল থাকল। এম এ মান্নানের এখন মেয়র পদে যোগ দিতে কোনো বাধা নেই।
আদালতে এম এ মান্নানের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আবু হানিফ। প্যানেল মেয়র আসাদুর রহমানের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গাজীপুরের জয়দেবপুর থানার একটি মামলায় মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলে এবং আদালত তা গ্রহণ করলে গত বছরের ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগ তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে। স্থানীয় সরকার বিভাগের ওই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই রিট আবেদনটি করেন এম এ মান্নান। ১১ এপ্রিল মান্নানকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে রুল দেন হাইকোর্ট। গত বছরের ১১ ফেব্রুয়ারি মান্নানকে তাঁর রাজধানীর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।