মান্নানের সবুজের রাজ্যে নীলপদ্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলুপ্তপ্রায় গাছ ও উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রে অধ্যাপক আবদুল মান্নান l ছবি: সোয়েল রানা
বিলুপ্তপ্রায় গাছ ও উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রে অধ্যাপক আবদুল মান্নান l ছবি: সোয়েল রানা

প্রাচীন সভ্যতার ঐতিহ্য পুণ্ড্রনগরীর (বগুড়ার মহাস্থানগড়) পাদদেশেই গোকুল মেধ বা বেহুলার বাসরঘর। বেহুলা লখিন্দরের বাসরঘর ঘিরে রয়েছে পৌরাণিক প্রেমকাহিনি। আর বেহুলা লখিন্দরের এই বাসরঘরের পাশেই চোখে পড়ল পুরাণে বর্ণিত নীলপদ্মের। পুকুরে নয়, প্রকৃতিপ্রেমিক বগুড়ার শিবগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মান্নানের সবুজের রাজ্যে (জার্ম প্লাজম সেন্টার বা বিলুপ্তপ্রায় গাছ সংরক্ষণ কেন্দ্র)। প্রায় আট বিঘা জমিতে তিনি গড়ে তুলেছেন এই কেন্দ্র। দেশ-বিদেশ ঘুরে নানা দুর্লভ ও বিলুপ্ত প্রজাতির উদ্ভিদ সংগ্রহ করাটা আবদুল মান্নানের নেশা। বছর তিনেক আগে ব্যাংককের চাটুচাকগাছের মার্কেট থেকে তিনি সংগ্রহ করেন দুটি নীলপদ্মের গাছ। এরপর তাঁর বিশাল আয়তনের সবুজের রাজ্যের একটি স্থানে মাটির চৌবাচ্চায় পানি ভরে সেখানে রেখে দেন। এখন সারা বছরই চৌবাচ্চায় ফুটে থাকে নীলপদ্ম। কখনো দুটি, কখনো চারটি ফুল ফোটে।

.
.

আবদুল মান্নান বলেন, ‘বিশ্বের বিলুপ্ত ও দুর্লভ উদ্ভিদের চারা খুঁজতেই ভারত, ভুটান, নেপাল, থাইল্যান্ডসহ নানা দেশ ঘুরেছি। সেবার ব্যাংককে গিয়ে দুর্লভ নীলপদ্ম দেখে লোভ সামলাতে পারলাম না। দুটি নীলপদ্মের গাছ কিনে সঙ্গে নিয়ে এলাম।’
আবদুল মান্নানের বিলুপ্তপ্রায় গাছ সংরক্ষণ কেন্দ্রে রয়েছে দেশি-বিদেশি বিরল ও বিলুপ্তপ্রায় প্রায় দেড় শ জাতের গাছ ও উদ্ভিদ। দেশি গাছ ও উদ্ভিদের মধ্যে আছে নাগলিঙ্গম, ধূপ, কর্পূর, জয়তুন, জায়ফল, ফালসা, খইফল, ডেউয়া, বিলম্বি, হরিফল, আমলকী, হরীতকী, বহেড়া, তেলাম প্রভৃতি। এসব গাছের ফলফলাদি থেকে এবং কিছু চারা উৎপন্ন করে কিছুটা আর্থিক সামর্থ্যও বেড়েছে তাঁর।
আবদুল মান্নান বললেন, পুরাণে উল্লেখ রয়েছে, রামচন্দ্র লঙ্কাজয়ের আগে দুর্গাপূজা করতে গিয়ে নীলপদ্ম না পেয়ে তাঁর নীল চোখ উপড়ে ফেলতে চাইলে স্বয়ং দেবী দুর্গা তাঁকে নিরস্ত করেন। সেই থেকেই এটি নীলপদ্ম নামে পরিচিত।
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান এ কে এম সফিকুর রহমান বলেন, ‘নীলপদ্ম সচরাচর আর চোখে পড়ে না। এটি এখন বিলুপ্তপ্রায় উদ্ভিদ।’
মহাস্থানগড়ের পাদদেশে আবদুল মান্নানের সবুজের রাজ্যে চৌবাচ্চায় ভেসে থাকা দুটি নীলপদ্ম আকারে বড় এবং গাঢ় নীল রঙের। গোড়ায় বোঁটার সঙ্গে আছে একটি করে কুঁড়ি। তিন বছরে অনেক নীলপদ্ম ফুটেছে চৌবাচ্চায়। জলে ভাসা নীলপদ্ম দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা।
আবদুল মান্নানের সবুজের রাজ্যে তাঁর কথা বলা শেষ না হতেই জ্যৈষ্ঠের আকাশ ভেঙে ঝমঝম করে বৃষ্টি নামে। বৃষ্টিভেজা নীলপদ্মের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হই। মনে পড়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার চরণ।
‘ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি,
দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীলপদ্ম!...’