মান্নার জামিন, মুক্তিতে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে করা পৃথক দুই মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আদেশে আদালত বলেছেন, পুলিশের প্রতিবেদন দাখিল করা পর্যন্ত দুই মামলায় মান্নার জামিন বহাল রাখা হলো। তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে।
ওই দুই মামলায় মান্নাকে দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল নিষ্পত্তি করে গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে মান্নার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
১৭ নভেম্বর আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা ওই দুটি আবেদনের ওপর একসঙ্গে ২৭ নভেম্বর শুনানি হবে বলে জানান। এর ওপর শুনানি শেষে গতকাল আদেশ দেন সর্বোচ্চ আদালত। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মান্নার পক্ষে ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান, শাহদীন মালিক ও এম মনজুর আলম।
পরে ইদ্রিসুর রহমান প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ হাইকোর্টের জামিনের আদেশ বহাল রেখেছেন। এ কথাও বলেছেন মান্না বের হওয়ার পরে তাঁর পাসপোর্ট বিচারিক আদালতে জমা দিতে হবে, যতক্ষণ না তদন্ত শেষ হয়। তাঁর বিরুদ্ধে থাকা দুটি মামলাতে জামিন পেলেন। ফলে তাঁর মুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
মান্নার অপর আইনজীবী শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, ওই দুই মামলায় মাহমুদুর রহমান ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে আটক আছেন। এখন পর্যন্ত পুলিশ তদন্ত করে তাঁর বিরুদ্ধে কিছুই দাখিল করতে পারেনি।