মান্নার জামিনের আদেশ বিচারিক আদালতে পৌঁছেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে করা পৃথক দুই মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জামিন বহাল রেখে সর্বোচ্চ আদালতের দেওয়া আদেশ বিচারিক আদালতে পৌঁছেছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী এম মনজুর আলম।

সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, এখন বিচারিক আদালতে জামিননামা দাখিল করতে হবে। জামিননামা বিচারিক আদালতে গৃহীত হওয়ার পর উচ্চ আদালতের আদেশ সংশ্লিষ্ট কারাগারে যাবে। এরপর মুক্তির পালা।

গত ২৮ নভেম্বর আপিল বিভাগ ওই দুই মামলায় মান্নাকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন। আদেশে আদালত বলেন, পুলিশের প্রতিবেদন দাখিল করা পর্যন্ত দুই মামলায় মান্নার জামিন বহাল রাখা হলো। তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে।

গতকাল সোমবার মান্নার আইনজীবী এম মনজুর আলম প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আদেশের অনুলিপি ইতিমধ্যে বিচারিক আদালতে পৌঁছেছে। এখন জামিননামা দাখিলের প্রক্রিয়া চলছে। এটি গৃহীত হওয়ার পর সংশ্লিষ্ট কারাগারে পৌঁছার পর তিনি মুক্তি পাবেন।

গাজীপুর প্রতিনিধি জানান, মান্নাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে গতকাল ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। কাশিমপুর কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাহমুদুর রহমান মান্নার পূর্বনির্ধারিত চিকিৎসার তারিখ রয়েছে। সে জন্য তাঁকে সোমবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।