মান্নার জামিনের আবেদন নাকচ
রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এ আদেশ দেন।
গতকাল মাহমুদুর রহমান মান্নার পক্ষে আইনজীবী আবদুল মান্নান খান রিমান্ডের আদেশ বাতিল করে তাঁর জামিনের আবেদন করেন। আবেদনে বলা হয়, মান্না রিমান্ডে থাকাকালে হৃদ্রোগে আক্রান্ত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১১ মার্চ মামলাটির তদন্ত কর্মকর্তা আদালতকে লিখিতভাবে জানান, জিজ্ঞাসাবাদকালে মান্নার বুকে ব্যথা অনুভূত হলে তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ হলে আদালতকে জানানো হবে। এ অবস্থায় তাঁর উন্নত চিকিৎসা দরকার। তাই রিমান্ড বাতিল ও জামিন প্রয়োজন। শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করেন আদালত।
৭ মার্চ গুলশান থানার রাষ্ট্রদ্রোহ মামলায় মান্নার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ৫ মার্চ এ মামলা করা হয়। ২৫ ফেব্রুয়ারি মান্নাকে গুলশান থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।