মান্নার জীবন সংকটাপন্ন চিকিৎসা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, বিনা কারণে মান্নাকে কারাগারে আটক রাখা হয়েছে। ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না। তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর জীবন সংকটাপন্ন করে তোলা হচ্ছে। সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মান্নার গ্রেপ্তারের এক বছর পূর্তিতে নাগরিক ছাত্র ঐক্য এ মানববন্ধন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও করে সংগঠনটি। মানববন্ধনে বক্তারা বলেন, তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার অগ্রসৈনিক মাহমুদুর রহমান মান্নাকে সরকার ভয় পায়, কেননা তারা অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে রেখেছে। বক্তারা অবিলম্বে মান্নার সুচিকিৎসা ও মুক্তি দাবি করেছেন।
নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শহীদুল্লাহ কায়সার, জনার্দন দত্ত, আহমেদ আজম, শাহীনুল আলম, মো. কামরুজ্জামান, স্বপ্না আক্তার প্রমুখ।