মান্নার নির্বাচনী এজেন্টের বিরুদ্ধে জালিয়াতির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলমের বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়েছে। গতকাল সোমবার বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে এই মামলা করেন ঢাকা ব্যাংক বগুড়া শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলার মেসার্স রোমা অটো রাইস মিলস লিমিটেডের পরিচালক। তিনি বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ঐক্যজোটের অন্যতম নেতা এবং ধানের শীষের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার প্রধান নির্বাচনী এজেন্ট। এর আগে ১৭ ডিসেম্বর ওই আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী বর্তমান সাংসদ শরিফুল ইসলাম জিন্নাহর গাড়িবহরে ককটেল হামলার অভিযোগ এনে শাহে আলমের বিরুদ্ধে মামলা হয়।

ঢাকা ব্যাংকের পক্ষ থেকে করা মামলার সংক্ষিপ্ত বিবরণ ও ব্যাংক সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে ঢাকা ব্যাংক লিমিটেড বগুড়ার ঝাউতলা শাখা থেকে শাহে আলম প্রায় ১৯ কোটি টাকা ঋণ নেন। এই ঋণ নেওয়ার পর থেকে তিনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। ব্যাংকের টাকা ও সুদ পরিশোধের জন্য তাঁকে বারবার নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি কোনো সাড়া দেননি। ঢাকা ব্যাংকের পক্ষ থেকে সরাসরি শাহে আলমের সঙ্গে দেখা করা হলেও তিনি পাত্তা দেননি। পরে ১১ নভেম্বর মীর শাহে আলম ঢাকা ব্যাংককে ১০ কোটি টাকার একটি চেক দেন। কিন্তু তাঁর দেওয়া হিসাব নম্বরে পর্যাপ্ত টাকা ছিল না। চেকটি ডিজঅনার হয়। পরে ১৫ নভেম্বর ঢাকা ব্যাংক শাহে আলমকে একটি আইনি নোটিশ পাঠায়। তিনি ৩০ দিনের মধ্যে শাহে আলম নোটিশের কোনো জবাব দেননি। এই প্রেক্ষাপটে ব্যাংক গতকাল শাহে আলমের বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনের ১৩৮ ধারায় মামলা করে।

ঢাকা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বগুড়ার আঞ্চলিক ব্যবস্থাপক (উত্তর) মো. ফারুক আহম্মেদ প্রথম আলোকে বলেন, জালিয়াতির অভিযোগে শাহে আলমের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আরেকটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুর্নীতি দমন কমিশনেও শাহে আলমের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হবে।