মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে। দুই-এক দিনের মধ্যে গুলশান থানায় এ মামলা দায়ের করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলা করার অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য সরকারের অনুমোদন নিতে হয়। পুলিশের পক্ষ থেকে অনুমোদন চাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। তবে এ-সংক্রান্ত চিঠি এখনো থানায় আসেনি। চিঠি আসার পরই মামলা দায়ের করা হবে।
এদিকে মান্নাকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, মান্নার কাছ থেকে এখনো বলার মতো কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। মান্নার ফোনালাপের সূত্র ধরে কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। মান্নার ফোনালাপের সময় ফোনের অন্য প্রান্তে কে ছিলেন সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। গতকাল দুটি পত্রিকায় এ ব্যাপারে প্রকাশিত খবরে বলা হয়েছে, মান্নার ফোনের অন্য প্রান্তে কে ছিলেন তা পুলিশ জানতে পেরেছে। এর মধ্যে একজনকে আটক করা হয় বলেও খবর প্রকাশিত হয়। এ ব্যাপারে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, এসব খবর ঠিক না। মান্নার ঘটনায় কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়নি।
১০ দিনের রিমান্ডে এনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মান্নাকে জিজ্ঞাসাবাদ করছে। ২৫ ফেব্রুয়ারি তাঁকে রিমান্ডে আনা হয়।
জানতে চাইলে ডিবির অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মাহফুজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাহমুদুর রহমান মান্নাকে জিজ্ঞাসাবাদে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে সব সময় তিনি একই বক্তব্য বলে যাচ্ছেন। মান্না বলেছেন, ‘আমি আগে যা বলেছি তা থেকে একচুলও নড়ব না।’ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ছোট আকারের একটি দল গঠন করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে মান্না বলেছেন, তিনি আশা করেন দেশের পরিস্থিতি খারাপ হলে কূটনৈতিক মিশনগুলো এগিয়ে আসবে। বৈদেশিক চাপে সরকার সংলাপে যেতে বাধ্য হতে পারে। পরিস্থিতি নিয়ে তিনি আরও অনেক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন বলেও জানান।