মান্নার মুক্তি ও চিকিৎসার দাবি
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার অবিলম্বে মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
‘সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও মাহমুদুর রহমান মান্না’ শীর্ষক এই আলোচনায় নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম বলেন, ঢাকা সিটি করপোরেশন অবিভক্ত থাকার সময় থেকেই মান্না নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। ব্যাপক গণসংযোগও করেছিলেন। তাঁর উজ্জ্বল সম্ভাবনা ছিল জয়ের। কিন্তু মিথ্যা অভিযোগ দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে নির্বাচন থেকে বিরত রাখা হয়েছে। তিনি বলেন, মান্না গুরুতর অসুস্থ। যথাযথ চিকিৎসা হচ্ছে না। তাঁকে দ্রুত মুক্তি দেওয়া হোক।
জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, মান্নাকে অপহরণ করা হয়েছিল। পরে জনগণের চাপে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদের এখনো কোনো খোঁজ নেই। এখন কেউ সরকারের বিরুদ্ধে কথা বললেই তাকে রাষ্ট্রদ্রোহী বলা হচ্ছে। তিনি বলেন, মান্নার হার্টে তিনটি ব্লক আছে। তাঁর সুচিকিৎসা হচ্ছে না। অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, মান্নার ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। তাঁর ন্যায়বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে কোনো গ্লানি নেই। এই আন্দোলন অব্যাহত রাখতে হবে।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ফজলুল হক সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক, নাগরিক ঐক্য মহানগর দক্ষিণের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ। সঞ্চালনা করেন নাগরিক ঐক্য উত্তরের আহ্বায়ক শহিদুল্লাহ কায়সার।