মান্নার মুক্তি দাবি
নাগরিক ঐক্যের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠান থেকে অবিলম্বে দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এই অনুষ্ঠান হয়।
নাগরিক ঐক্যের একাধিক নেতা বলেন, নাগরিক ঐক্যের মতো একটি তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থানে ভীত হয়ে সরকার মান্নাকে গ্রেপ্তার করেছে। সিটি করপোরেশন নির্বাচনে সরকারদলীয় প্রার্থীর নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করার জন্য এটি ছিল সরকারের একটি কৌশল। তাঁরা অবিলম্বে মান্নাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, মান্নার অপরাধ হচ্ছে তিনি অপ্রিয় সত্য কথা বলতেন। দলের ভেতরে থেকেও তিনি দলের সমালোচনা করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে রব বলেন, ‘যে অভিযোগে মান্নাকে গ্রেপ্তার করা হয়েছে তা প্রমাণে আপনি (প্রধানমন্ত্রী) ব্যর্থ হয়েছেন। মান্নার অপরাধ যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে আপনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, মাহমুদুর রহমান মান্নাকে কেন্দ্র করেই বাংলাদেশে একটি সুস্থ রাজনৈতিক ধারা গড়ে উঠতে যাচ্ছিল। এই মান্না চ্যালেঞ্জ করতেন লুটপাটকে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে, গণতন্ত্রহীনতা, ৫ জানুয়ারির মতো প্রহসনের নির্বাচনকে। এটাকে দমন করা সরকারের জন্য জরুরি হয়ে পড়েছিল।