মান্নার মুক্তি দাবি সাবেক ছাত্র নেতাদের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবি জানিয়েছেন ডাকসুর সাবেক নয়জন ছাত্রনেতা। ‘৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের’ নেতারা আজ মঙ্গলবার এক বিবৃতিতে এই দাবি জানান।
ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকনের সই করা বিবৃতিতে জানানো হয়, অনেক দিন ধরে মিথ্যা ও বানোয়াট অজুহাতে মাহমুদুর রহমান মান্না কারাগারে আটক আছেন। তিনি গুরুতর অসুস্থ। মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে এ সরকার মূলত একদলীয় শাসন চালিয়ে যাচ্ছে। ভিন্ন মত প্রকাশ করলেই সরকারের রোষানলে পড়ে কারাগারে যেতে হয়। ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ হলে পরিণাম শুভ হয় না, ইতিহাস এরই সাক্ষ্য দেয়।
বিবৃতিতে সাবেক ছাত্র নেতা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, মোস্তফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন আহমেদ মনি, খন্দকার লুৎফর রহমান ও সালাউদ্দিন তরুণের নাম উল্লেখ করা হয়েছে।