মান্নার মুক্তির দাবি ৫৯ বিশিষ্ট নাগরিকের
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি করে যুক্ত বিবৃতি দিয়েছেন ৫৯ জন বিশিষ্ট নাগরিক ও রাজনীতিবিদ। গতকাল রোববার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য শহীদুল্লাহ কায়সারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নয় মাসের বেশি সময় ধরে মান্না কারাগারে বিনা বিচারে আটক রয়েছেন। তাঁকে ডিভিশন দেওয়া হয়নি, জামিনও দেওয়া হচ্ছে না। মাহমুদুর রহমান মান্নাকে অবিলম্বে মুক্তি দিয়ে আত্মপক্ষ সমর্থন ও সুবিচারের সুযোগ দেওয়ার জন্য জোর দাবি জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফ্রুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দর আকবর খান রনো, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু প্রমুখ। বিজ্ঞপ্তি।