মান্নার মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি
মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে গতকাল শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ছাত্র ঐক্য ও নাগরিক যুব ঐক্যের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচিতে বক্তারা বলেন, আজকের বাংলাদেশে মাহমুদুর রহমান মান্নার মতো রাজনীতিকের বড় প্রয়োজন। তিনি সব সময় অসুস্থ রাজনীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাই তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। তাঁরা বলেন, দেশ আজ দুর্নীতি ও দুঃশাসনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। সেই সঙ্গে দেশবাসীকে বাঁশখালীর মতো ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, দলের নেতা শহীদুল্লাহ কায়সার, গাজী ইসলাম উদ্দিন, এনামুল হক, স্বপ্না আখতার প্রমুখ। বিজ্ঞপ্তি।