মান্নার মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ভয় পেয়ে বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানকে বাধাগ্রস্ত করতেই নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্য ও বিভিন্ন সংগঠনের নেতারা। তাঁরা বলেন, মান্না দেশ ও মানুষের কথা বলেছেন বলে সরকারের মাথাব্যথা হয়েছে। মান্নাকে মুক্তি দেওয়া না হলে গণ-আন্দোলন গড়ে তোলা হবে।
মাহমুদুর রহমান মান্নার মুক্তি এবং গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে অনুষ্ঠিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, মান্নাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কারাগারে আগে ডিভিশন পেলেও এখন তাঁকে ডিভিশন দেওয়া হচ্ছে না। রিমান্ডের নামে নির্যাতন করে গুরুতর অসুস্থ হলেও সুচিকিৎসা না দিয়ে তাঁকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
মানববন্ধনে গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সভাপতি ও গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ এম এ গোফরান প্রমুখ বক্তব্য দেন।