মান্নার সনদ বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব সনদ বাতিলের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বুধবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
শিক্ষক সমিতির সভাপতি বেনু কুমার দে ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে বিএনপির নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ফোনালাপ প্রকাশিত হওয়ার পর থেকে জনমনে আতঙ্ক ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। ফোনালাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল দখল করাসহ ক্যাম্পাসে লাশ ফেলে দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটিয়ে সেনাবাহিনীকে দিয়ে রাষ্ট্রক্ষমতা দখলের হীন ষড়যন্ত্র প্রকাশ হয়ে পড়েছে।
বিবৃতিতে মান্নার বিশ্ববিদ্যালয়ের সব সনদ বাতিল করে বিশ্ববিদ্যালয়কে লজ্জা ও কলঙ্কমুক্ত করার দাবি জানানো হয়। বিবৃতিতে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।