মান্নার সুচিকিৎসা ও মুক্তি চাইল নাগরিক ঐক্য
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসা নিশ্চিত করা এবং দ্রুত মুক্তির দাবি জানানো হয়েছে সংগঠনটির এক সমাবেশ থেকে। গতকাল সোমবার মিরপুরের ময়ূরী কমিউনিটি সেন্টারে নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব বলেন, মান্নার কোনো ক্ষতি হলে প্রধানমন্ত্রীকে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি বলেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার করছে। সিটি নির্বাচন থেকে মান্নাকে দূরে রাখার জন্যই তাঁকে আটক করা হয়। জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক বলেন, দেশ এক অনিশ্চয়তার মধ্যে চলছে। ক্ষমতাসীনেরা যা খুশি তাই করছে। এ অবস্থা চলতে থাকলে দেশের ভাগ্য যে সিরিয়া, ইরাক ও ইয়েমেনের মতো হবে না, কে বলতে পারে? নাগরিক ঐক্যের সদস্য শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে সমাবেশে নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, গণফোরামের নেতা সুব্রত চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।