মান্নার সুচিকিৎসার আবেদন স্ত্রীর

নাগরিক ঐক্যের আহ্বায়ক কারাবন্দী মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন তাঁর স্ত্রী মেহের নিগার। আজ রোববার বেলা ১১টায় রাজধানীর গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ আবেদন জানান।
মেহের নিগার বলেন, মান্না দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন। তাঁর হার্টে চারটি ব্লক আছে। তাঁকে নিয়ন্ত্রিত চলাফেরা ও খাদ্যগ্রহণ করতে হয়। তাঁর মেরুদণ্ডে ক্ষয়জনিত সমস্যা আছে। শরীরের এই অবস্থায় মান্নাকে রিমান্ডে নিয়ে মানসিক ও শারীরিক চাপ দেওয়ায় তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ তাঁর স্ত্রীর।
মান্নার স্ত্রীর ভাষ্য, পুলিশের তত্ত্বাবধানে তাঁর স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তড়িঘড়ি করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এ অবস্থায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে তাঁরা উদ্বিগ্ন।
সরকারের কাছে আবেদন জানিয়ে মেহের নিগার বলেন, মান্নার বিরুদ্ধে থাকা অভিযোগ প্রমাণসাপেক্ষে সুষ্ঠু বিচার হোক। তবে তার আগে তাঁর সুচিকিৎসার ব্যবস্থা হোক।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে লড়তে নাগরিক ঐক্যের হয়ে মনোনয়নপত্র নিয়েছেন মান্না।
পুলিশের ভাষ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডির স্টার কাবারের সামনে থেকে মান্নাকে আটক করে র্যাব। তবে মান্নার পরিবারের দাবি, এর এক দিন আগেই তাঁকে এক আত্মীয়ের বাড়ি থেকে তুলে নেওয়া হয়।
পরে মান্নাকে গুলশান থানায় দায়ের করা সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহের উসকানি দেওয়ার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও রয়েছে। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্যও তাঁকে রিমান্ডে নেয় পুলিশ। অসুস্থ হয়ে পড়লে ১০ মার্চ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।