মাফ চেয়েও রক্ষা পেলেন না নজরুল

‘ভুল হইয়া গেছে, ভাই মাফ কইরা দেন’, ভাই বলে সম্বোধন করে, অনুনয় বিনয় করেও হরতালকারীদর এতটুকু সহানুভূতি কাড়তে পারেননি বাসচালক নজরুল ইসলাম। ঋণের টাকা শোধ করতে স্ত্রীর কথা অমান্য করেই তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। ফিরতে পারেননি। শরীরের ৬৫ শতাংশ পোড়া নিয়ে আশ্রয় নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অস্ত্রোপচার কক্ষের সামনে দাঁড়িয়ে বাসচালক নজরুলের সহকারী শাহ আলম প্রথম আলো ডটকমকে বলেন, সকাল সাড়ে আটটায় ভিআইপি-২৭ গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। চালকের আসনে নজরুল ইসলাম। নয়টার দিকে বাসটি যখন ভোগড়া এলাকার বর্ষা সিনেমা হলের সামনে পৌঁছায়, কিছু যাত্রী বলল, ‘হরতালের মধ্যে গাড়ি বের করছোস ক্যান?’ নজরুল বললেন, ‘ভুল হইয়া গেছে, ভাই মাফ কইরা দেন।’ তবুও ওরা কর্ণপাত করেনি। নজরুলকে বাসে আটকে রেখে আগুন দেয়। পুরো গাড়িতে আগুন জ্বলতে শুরু করলে নজরুলকে বাসে ফেলে রেখে হরতালের সমর্থনকারীরা চলে যায়।
বার্ন ও প্লাস্টিক সার্জারি বিষয়ে জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেলে আমরা বলি রোগী বিপজ্জনক অবস্থায় রয়েছেন। নজরুলের শরীর মারাত্মক পুড়েছে। তিনি খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন।’
সন্ধ্যার দিকে বার্ন ইউনিটের জরুরি বিভাগের অস্ত্রোপচার কক্ষের সামনে দাঁড়িয়ে চিত্কার করে কাঁদছিলেন নজরুলের স্ত্রী সাবিনা বেগম। এই নজরুল আজ সকালে সাবিনার কথা অমান্য করে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কে জানত, হরতালের আগুন তাঁকে, তাঁর পরিবারকে এভাবে পোড়াবে?
নজরুলের স্ত্রী সাবিনা বেগম জানান, ‘আমি হ্যারে (নজরুল) কইছিলাম হরতালের মধ্যে গাড়ি বাইর কইরেন না। কখন কী হয়, কওন যায় না। হেই আমারে কইছে, গাড়ি না চালাইলে ঋণের টাকা ক্যামনে দিমু। এরপর আমি কিছু কই নাই।’ সাবিনা এখন অঝোরে কাঁদছেন। আট ও দেড় বছরের দুই মেয়েকে নিয়ে এখন কোথায় যাবেন, কী করবেন ভেবেই পান না। বারবার শুধু একই প্রশ্ন করে চলেছেন, ‘এখন আমাদের কী হবে?’
জামায়াত-শিবিরের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে গাজীপুর সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুড়ে গেছেন নজরুল ইসলাম (৪০) নামের একজন বাসচালক। বাসের আরোহীরা বেরিয়ে যেতে পারলেও হরতাল সমর্থনকারীরা তাঁকে বাসকে আটকে রেখে আগুন লাগায়।
এই প্রতিবেদক যখন বার্ন ইউনিটে, তখন নজরুলকে নেওয়া হয়েছে অস্ত্রোপচার কক্ষে। চিকিত্সকেরা জানান, নজরুলের শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে।
নজরুল গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ এলাকায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকেন। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল থানায়।