মাফ চেয়ে ও মুচলেকা দিয়ে পার পেলেন ছাত্রলীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় সহকারী কমিশনার (ভূমি) রাশিদুল হাসান চৌধুরীকে গালাগালের পাশাপাশি গুলি করে মেরে ফেলার হুমকির ঘটনায় অবশেষে মাফ চেয়ে আর মুচলেকা দিয়ে পার পেলেন জেলা ছাত্রলীগের বিতর্কিত কমিটির সভাপতি মাসুম বিল্লাহ। গত মঙ্গলবারের এ ঘটনার পরপরই জেলা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে বিষয়টি মীমাংসা করতে উদ্যোগী হন। এরপর মঙ্গলবার রাতে ওই সহকারী কমিশনারের কার্যালয়ে বসেই এ ঘটনার মীমাংসা করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঘটনার পরপরই মঙ্গলবার বিকেলে এর মীমাংসার জন্য জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান ও সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদেরও নিয়ে যাওয়া হয়। পরে রাতে ওই কর্মকর্তার কার্যালয়ে বসেই এর মীমাংসা করা হয়। ছাত্রলীগের নেতার হাতে লাঞ্ছনার শিকার রাশিদুল হাসান চৌধুরী জানান, তাঁরা ঘটনার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন। আর কখনো এমন আচরণ করবেন না বলেও শপথ করেছেন। জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার মীমাংসার কথা স্বীকার করে জানান, এটি ভুল-বোঝাবুঝি ছিল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌরসভার মেয়রের উপস্থিতিতে এর মীমাংসা করা হয়েছে। তাঁরা ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে আর এমন করবেন না বলে মুচলেকা দিয়েছেন। রাশিদুল হাসান চৌধুরী তাঁর কার্যালয়ে মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে বসে জমি খারিজ-সংক্রান্ত একটি মামলার শুনানি করছিলেন। এ সময় মাসুম ও তাঁর দুই সহযোগী এসে ওই কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি (সহকারী কমিশনার) তাঁদের অপেক্ষা করতে বলেন। এরপরই তাঁরা সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পরই মাসুম তাঁর ১০-১২ সহযোগী নিয়ে আবার সহকারী কমিশনারের কক্ষে ঢুকে তাঁকে গালাগাল করে বলেন, ‘আমি ছাত্রলীগ সভাপতি, আমার কাজই আগে করতে হবে।’ এ সময় মাসুম ওই কর্মকর্তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন।