তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ইতালির এক মাফিয়া সদস্য ও দুবাইয়ের অপরাধজগতের নেতা দাউদ ইব্রাহিমের কাছ থেকে ‘নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের কৌশল’ শিখেছেন বলে অভিযোগ করেছিলেন শেখ হাসিনা। বিগত জোট সরকারের সময়ে ঢাকা সফরকারী মার্কিন কংগ্রেসের সদস্য জোসেফ ক্রাউলি বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগের সভানেত্রী হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার সময় তিনি এ অভিযোগ করেন। উইকিলিকসের ফাঁস করা মার্কিন তারবার্তায় এ কথা উল্লেখ করা হয়েছে।জোসেফ ক্রাউলি ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এ সময় আওয়ামী লীগের কয়েকজন নেতা ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তারবার্তায় বলা হয়েছে, শেখ হাসিনা এ সময় বলেন, তারেক রহমান সম্প্রতি ইতালির মাফিয়া চক্র ও দুবাইয়ের দাউদ ইব্রাহিমের কাছ থেকে তাঁর ‘নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের কৌশল উন্নত করার’ প্রশিক্ষণ নিয়েছেন।শেখ হাসিনা ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করেন। তিনি বলেন, ‘এর জন্য মূলত জামায়াতে ইসলামী দায়ী।’এ সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, বিএনপি-জামায়াত কালোটাকা ব্যবহার করে সন্ত্রাসীদের সহযোগিতা ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। তারবার্তায় বলা হয়, ক্রাউলি সংসদে ফিরে যাওয়ার জন্য অভিনন্দন জানালে শেখ হাসিনা বলেন, শুধু বিদেশি কূটনীতিকদের উপস্থিতির কারণেই তিনি সংসদে স্বাধীনভাবে কথা বলতে পেরেছেন। ‘আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পরিস্থিতি খুব একটা জানে না’ মন্তব্য করে ক্রাউলিকে তিনি প্রশ্ন করেন, ‘দলকে সমর্থন করার জন্য আপনাদের দলের কয়জন সদস্য খুন হয়েছেন?’ আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক আবদুল জলিল, ফারুক আহমেদ চৌধুরী, হাছান মাহমুদ, মহীউদ্দীন খান আলমগীর এ সময় উপস্থিত ছিলেন। তাঁরা অভিযোগ করেন, নির্বাচনী তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বিএনপি-জামায়াত সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়েছে। শেখ হাসিনা ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ তুললে ক্রাউলি তাঁর কাছে জানতে চান, খসড়া তালিকা চূড়ান্ত করার আগে তা সংশোধনের ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকা রাখার সুযোগ হবে কি না। হাসিনা স্বীকার করেন, চূড়ান্ত তালিকা করার আগে তা পুনর্নিরীক্ষণ, সংশোধন ও সংযোজনের সুযোগ পাবে আওয়ামী লীগ। নানা সমস্যা সত্ত্বেও ক্রাউলি হাসিনাকে তাঁর দলের সব সমর্থকের নাম তালিকাভুক্ত করা নিশ্চিত করতে আইনি সুবিধা গ্রহণের পরামর্শ দেন।