মামলা, অর্থদণ্ড তবু বন্ধ হয়নি পাহাড় কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে প্রায় ১৮৬ বর্গকিলোমিটার-জুড়ে পাহাড়-টিলা রয়েছে। আবাসনের প্রয়োজনে বেশির ভাগ পাহাড়-টিলা কাটা হয়। পরিবেশ আইন লঙ্ঘন করতে নানা কায়দা-কৌশলে চলে পাহাড়-টিলা কাটা।২০০৫ সাল থেকে সিলেট অঞ্চলে পরিবেশ অধিদপ্তর কার্যালয় স্থাপনের পর থেকে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হয়। পরিবেশ অধিদপ্তরে এ-সংক্রান্ত ১৫৭টি মামলা রয়েছে। মামলা দিয়েও যখন পাহাড়-টিলা কাটার প্রবণতা বন্ধ হচ্ছিল না, তখন এনফোর্সমেন্ট অভিযানের মাধ্যমে অর্থদণ্ড শুরু হয়। ২০১১ সালের ২১ জুন সিলেট সদরের মলাইটিলার চূড়ায় পুকুর করার ঘটনায় ১০ লাখ টাকা জরিমানা করে শালিমার হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে হাতকড়া পরিয়ে টিলার সেই পুকুর ভরাটের মধ্য দিয়ে অর্থদণ্ড দেওয়া হয়। অধিদপ্তরের হিসাবে গত এক বছরে এ পর্যন্ত ১৯টি টিলা কাটার ঘটনায় প্রায় কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম প্রথম আলোকে বলেন, শুষ্ক মৌসুমে নানা কৌশলে চলে টিলা কাটা। এ ক্ষেত্রে মামলা দিয়ে প্রতিকার পাওয়া যায় না, তাই অর্থদণ্ড হওয়া উচিত। তিনি আরও বলেন, ‘টিলা বা পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করার পর মামলা দিয়ে আর কী লাভ। এর চেয়ে শুধু অর্থদণ্ড চাই।’