মামলা, নিষেধাজ্ঞা সত্ত্বেও নেতার দোকানঘর নির্মাণ
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাঘাটিয়া বাজারে হিন্দু পরিবারের জমি দখলে নিয়ে দোকানঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে।জমিটি নিয়ে আদালতে মামলা চলায় প্রশাসন সেখানে মার্কেট নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করে। আওয়ামী লীগের নেতা ফজলুল হক এসব তোয়াক্কা না করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে ওয়ারিশ বানিয়ে ভুয়া দলিল তৈরি করে ওই জমি কেনারও অভিযোগ তোলা হয়েছে।স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মথুরাপুর ইউনিয়নের হিজুলী গ্রামের অখিল চন্দ্র সাহার ছেলে অমৃত কুমার সাহা পৈতৃক সূত্রে পাওয়া ১৩৮ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। একই গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফজলুল হক ওই জমি চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামের মুচি শিরীষ রুহিদাসের কাছ থেকে কিনেছেন বলে দাবি করেন। রুহিদাসকে জমির ওয়ারিশ বানিয়ে তাঁর কাছ থেকে ভুয়া দলিলমূলে ক্রয় দেখিয়ে তিনি জমিটি দখলে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ২০০৩ সালে বগুড়া জেলা সহকারী জজ আদালতে মামলা করা হয়। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।এ অবস্থায় ১১ ডিসেম্বর সকাল নয়টায় ফজলুল হক তাঁর লোকজন নিয়ে ওই জমিতে জোর করে দোকানঘর তৈরির কাজ শুরু করেন। এ বিষয়ে ১৫ ডিসেম্বর অমৃত কুমার সাহা বাদী হয়ে ফজলুল হকসহ আটজনের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, ওই জমিতে ১৪টি আধাপাকা ঘর নির্মাণ করা হয়েছে এবং বাকি জমিতে দোকানঘর নির্মাণের প্রস্তুতি চলছে।মথুরাপুর ইউপি সদস্য হিজুলী গ্রামের আবদুল মজিদ বলেন, ‘আমি ছোটবেলা থেকেই দেখছি, এই জমি অমৃত কুমার সরকারের বাপ-দাদাদের দখলে ছিল। এখন ফজলুল হক ও তাঁর লোকজন কীভাবে সেখানে দোকানঘর নির্মাণ করছে, তা আমি বলতে পারছি না।’ফজলুল হক বলেন, ‘জমির অংশীদার শিরীষ রুহিদাস নামের একজন মুচির কাছ থেকে দলিলমূলে কিনে দখল নিয়েছি। এ বিষয়ে আদালতে মামলা চলছে। আদালত আমাদের পক্ষে একটি রায় দিয়েছেন।’ তবে তিনি রায়ের কপি দেখাতে পারেননি।চৌকিবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘মুচি পরিবার কখনো সাহা পরিবারের জমির অংশীদার হতে পারে না। এ ছাড়া শিরীষ রুহিদাস, পিতা রুহিদাস নামের কোনো মুচি আমার এলাকায় কোনো দিন ছিল না। আমি এ বিষয়ে অমৃত কুমার সাহাকে লিখিত পত্র দিয়েছি। তাঁরা বিষয়টি আদালতে উপস্থাপন করলে সব বিষয়ের অবসান ঘটবে।’মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, ‘ফজলুল হক আমার দলের সদস্য। এভাবে জমি দখল করে দোকান নির্মাণ করা ঠিক নয়। এ বিষয়ে আমার দলের পক্ষ থেকে কোনো সমর্থন পাবে না।’ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, ‘অমৃত কুমার সাহার অভিযোগের ভিত্তিতে সেখানে বিপণিবিতান নির্মাণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’