মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় স্বামী ও স্ত্রীকে বেঁধে মারধর করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মোটরসাইকেলের মালিক আতিকুল আল মামুন (৩২) গতকাল রোববার ওই মামলা করেন। পুলিশ জানায়, আতিকুল আল মামুন গত বুধবার রাত আটটার দিকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল করে চাঁপাপুর নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি ভান্ডারগ্রাম যাচ্ছিলেন। পথে বিহিগ্রাম গ্রামের কাছে দুর্বৃত্তরা তাঁদের গতিরোধ করে। তাঁদের হাত-পা বেঁধে বেদম মারধর করে মোটরসাইকেল ও এক ভরি ওজনের সোনার গয়না ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে নওগাঁর রানীনগরের বোঁয়ার গ্রামের আবদুল মান্নান (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদমদীঘি থানার ওসি মোসলেম উদ্দীন জানান, মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে।