
রাজধানীর মিরপুরে মারামারি ও চুরির এক মামলায় ১০ মাসের শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার ঘটনায় মামলাটির তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটি অধিকতর তদন্তভার দেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম এ আদেশ দেন। মামলার বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত। বাদী হলেন হাবিবুর রহমান।
গত রোববার আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মারুফুল ইসলাম। লিখিতভাবে তিনি আদালতকে বলেছিলেন, অনিচ্ছাকৃতভাবে শিশু ও মৃত ব্যক্তির নামে অভিযোগপত্র দিয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার ঘটনা প্রমাণিত হওয়ায় তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। আর বাদী ইচ্ছাকৃতভাবে শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করায় তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আদালত সূত্র বলছে, মারামারি ও চুরির অভিযোগ এনে ১০ মাসের শিশু রুবেল ও চার বছর আগে মারা যাওয়া আরিফুর রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে গত বছরের ২৬ জুন মামলা করেন বাদী। তদন্ত শেষে গত ২৭ ফেব্রুয়ারি রুবেল, আরিফসহ ২৩ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন পুলিশ কর্মকর্তা মারুফুল। আসামিপক্ষের আইনজীবীরা বিষয়টি নিয়ে আদালতে লিখিত অভিযোগ জানালে গত ৩০ এপ্রিল আদালত তদন্ত কর্মকর্তাকে তলব করেন। এ নিয়ে ৯ মে প্রথম আলোয় ‘১০ মাসের শিশুর বিরুদ্ধে অভিযোগপত্র!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, মারামারি ও চুরির মামলায় মো. রুবেল নামের একজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। রুবেল আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে তার আইনজীবীরা আদালতকে জানান, তার বয়স মাত্র ১০ মাস। অথচ অভিযোগপত্রে তাঁর বয়স দেখানো হয়েছে ৩০ বছর। ঘটনার সময় রুবেলের বয়স ছিল মাত্র ২৮ দিন।