মামলা-অভিযানে বন্ধ হয়নি অবৈধ ইটভাটা
আদালতে মামলা, পরিবেশ অধিদপ্তরের অভিযান, চিমনি ভেঙে দেওয়া ও জরিমানা করা হলেও বরিশালে অবৈধ ইটভাটা বন্ধ হচ্ছে না। এসব ইটভাটার অধিকাংশই নির্মাণ করা হয়েছে জনবসতিপূর্ণ এলাকা, কৃষি ও খাস জমিতে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় মোট ২৪৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১০৩টির বৈধ কাগজপত্র নেই। বাকি ১৪২টির বেশির ভাগ প্রাথমিক ছাড়পত্র নিয়ে করা হয়েছে। জনবসতিপূর্ণ এলাকা থেকে তিন কিলোমিটার দূরে ইটভাটা করার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। ১২০ ফুট উঁচু (জিগজ্যাগ) চিমনির পরিবর্তে ৩২ থেকে ৪০ ফুট উঁচু চিমনি ব্যবহার করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে ড্রাম চিমনি, যা পরিবেশ বিধ্বংসী। পরিবেশ অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বরিশাল বিভাগে মূলত ৪৩৭টি ইটভাটা রয়েছে। যার বেশির ভাগেই ড্রাম চিমনি ব্যবহার করছে। এ ছাড়া সব ইটভাটায় ফার্নেস ওয়েল ও কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ।জানা গেছে, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০০৭ সালে বরিশাল সদর উপজেলার ১১টি ও বাকেরগঞ্জের ২২টি অবৈধ ইটভাটা বন্ধ করতে উচ্চ আদালতে রিট আবেদন করে। আদালত ওই সব ইটভাটার বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। ওই নিষেধাজ্ঞা বলবৎ থাকার পরও সেগুলোর কার্যক্রম চলছে। অন্যদিকে এ বছর এপ্রিল মাসে পরিবেশ অধিদপ্তর সদর উপজেলা এবং বাকেরগঞ্জ উপজেলার আটটি ইটভাটার কার্যক্রম বন্ধ, আর্থিক জরিমানা এবং ড্রাম চিমনি ভেঙে দেয়। জব্দ করা হয় ইট ও পোড়ানোর জন্য রাখা কাঠ।একই অভিযোগে সদর উপজেলার রহমতপুর এলাকায় দুটির চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর জেলার মুলাদী উপজেলায় কৃষিজমিতে অবৈধভাবে নির্মাণ করা মেসার্স ভাই ভাই ব্রিকসের কার্যক্রম বন্ধ এবং ৫০ হাজার টাকা জরিমানা করে।বেলার বরিশাল কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিংকন বায়েন জানান, বরিশাল অঞ্চলে বৈধ ইটভাটার সংখ্যা খুবই কম। অবৈধভাবে নির্মাণ করা ইটভাটার বিরুদ্ধে নোটিশ এবং উচ্চ আদালতে রিট করেও সেগুলোর কার্যক্রম বন্ধ করা যায়নি। এসব ইটভাটার বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না।পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ইটভাটায় জিগজ্যাগ (১২০ ফুট) চিমনি স্থাপনের সরকারি নির্দেশ রয়েছে। এরপর বরিশাল অঞ্চলে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে পরিবেশ আদালতে মামলারও প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ইতিমধ্যে বেশ কিছু ভাটার কার্যক্রম বন্ধ ও চিমনি ভেঙে দেওয়া হয়েছে। গত কয়েক মাসে ২৭ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। তার পরও অবৈধ ইটভাটা বন্ধ হচ্ছে না। কোনোভাবেই কৃষিজমি এবং জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা করতে দেওয়া হবে না। যেগুলো আছে, সেগুলোও সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।