মহানগর ও দায়রা জজ আদালতে প্রায় ৮০ হাজার মামলা
মামলা আসছে না চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালে!
চট্টগ্রাম আদালতে প্রায় ৮০ হাজার মামলা বিচারাধীন। এর মধ্যে ১০-১৫ বছরের পুরোনো মামলাও রয়েছে। অপরদিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এখন মামলা রয়েছে মাত্র তিনটি। চট্টগ্রাম বিভাগের ১১ জেলার চাঞ্চল্যকর মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য আসে। ট্রাইব্যুনালে ১৩৫ কার্য দিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। তাই তিন থেকে চার দিন পর মামলার তারিখ পড়ে। এ কারণে ট্রাইব্যুনালে মামলা দ্রুত নিষ্পত্তি করার সুযোগ বেশি বলে জানান আইনজীবীরা।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনালে এখন চাঁদপুরের তিনটি মামলা বিচারাধীন। এগুলোর সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে। এরপর রায় ঘোষণা হতে পারে। ট্রাইব্যুনালে নতুন মামলা পাঠাতে জেলা চাঞ্চল্যকর মামলার মনিটরিং কমিটিকে বলা হয়েছে। দ্রুত মামলা না এলে অলস বসে থাকা ছাড়া আর কিছু করার নেই। তিনি বলেন, সরকার গত বছরের নভেম্বর মাসে এক প্রজ্ঞাপনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনালকে বিশেষ দায়রা আদালত ঘোষণা করেছে। এতে সরাসরি বিচারের জন্য জেলা ও মহানগর দায়রা জজ আদালত থেকে চাঞ্চল্যকর ও পুরোনো মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠাতে পারে।
আদালত সূত্র জানায়, চট্টগ্রাম বিভাগের ১১ জেলার চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য মনিটরিং কমিটি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটি আইন মন্ত্রণালয়ে যায়। সেখান থেকে প্রজ্ঞাপন জারি করে চাঞ্চল্যকর মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
চট্টগ্রাম জেলা চাঞ্চল্যকর মামলার মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, চাঞ্চল্যকর মামলাগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। শিগগিরই দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হবে।
চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর গ্রামে ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার বিচার এক যুগেও শেষ হয়নি। বর্তমানে তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির বিচার চলেছ। মামলার বাদী বিমল শীল বলেন, ‘১২ বছর ধরে থানা-পুলিশ ও আদালতের বারান্দায় ঘুরছি। এখনো বিচার পাইনি। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে দ্রুত নিষ্পত্তি করা হোক।’
বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে এবং অপরাধীদের বিচার দ্রুত করতে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিগগিরই আরও মামলা পাঠানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী। এ জন্য জেলা মনিটরিং কমিটিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।