মামলা ও গ্রেপ্তারের ভয়ে মনজুরের পাশে নেই নেতা-কর্মীরা
মামলা ও গ্রেপ্তার আতঙ্কের কারণে চট্টগ্রামে বিএনপির নেতা-কর্মীরা দল-সমর্থিত মেয়র পদপ্রার্থীর পক্ষে মাঠে নামতে পারছেন না। ৭ এপ্রিল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে গণসংযোগ কীভাবে করা হবে এ নিয়ে উদ্বিগ্ন দলের জ্যেষ্ঠ নেতারা।
দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব নেতা-কর্মী আত্মগোপনে রয়েছেন তাঁরা এখনই প্রকাশ্যে আসতে চাচ্ছেন না। এ কারণে দল-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের পক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও নগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়া আর কোনো নেতাকে সক্রিয় দেখা যাচ্ছে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা মাঠে নেই। তাঁরা কেউ কারাগারে কিংবা হুলিয়া নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ মুহূর্তে কর্মীনির্ভর নয়, জনতানির্ভরতার ওপর ভরসা করে আমরা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছি। জনগণ ভোট দিলে আমাদের জয় কেউ ঠেকাতে পারবে না।’
নগর ছাত্রদল ও যুবদলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, চলমান আন্দোলনে যাঁদের নামে মামলা হয়েছে তাঁরা জামিনের জন্য উচ্চ আদালতে যাচ্ছেন। আদালত জামিন দিলে মনজুরের পক্ষে প্রচারণায় তাঁরা সক্রিয় হবেন।
দলীয় সূত্র জানায়, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। তিনি প্রকাশ্যে আসছেন না। জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মামলা-হুলিয়ায় নেতা-কর্মীরা পর্যুদস্ত। ফলে আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতা-কর্মীরা মাঠে নেই। এটা আমাদের চিন্তার কারণ। তাই আমরা নির্বাচনী ক্ষেত্র সবার জন্য সমান করার জন্য বারবার বলে আসছি। এই মুহূর্তে জনগণই আমাদের মূল শক্তি। সেটা প্রমাণিত হবে ২৮ এপ্রিলের নির্বাচনে।’
পুলিশ সূত্র জানায়, নগরে পেট্রলবোমা হামলা ও নাশকতার অভিযোগে গত ৫ জানুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত ৯২টি মামলা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত আসামির সংখ্যা ২ হাজার ১১০ জন। গ্রেপ্তার হয়েছে ৪৯০ জন।