
ঢাকার সাভার পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী শিক্ষাগত যোগ্যতা, মামলা, ধারদেনা আর অস্থাবর সম্পদে এগিয়ে। তবে বার্ষিক আয় আর স্থাবর সম্পদে এগিয়ে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
শিক্ষাগত যোগ্যতা ও পেশা : বিএনপির প্রার্থী মোহাম্মদ বদিউজ্জামান স্নাতকোত্তর। আওয়ামী লীগের প্রার্থী আব্দুল গনি উচ্চমাধ্যমিক পাস। কমিউনিস্ট পার্টির আজম খান ষষ্ঠ শ্রেণি পাস। বাকি চারজনের মধ্যে জাতীয় পার্টির আজিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোশারফ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন খান এসএসসি পাস। তাঁদের সবার পেশা ব্যবসা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ন্যাপের প্রার্থী মফিজুল ইসলামের হলফনামা না দেওয়ায় তাঁর বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
মামলা: বদিউজ্জামানের বিরুদ্ধে সাভার থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা তিনটি মামলা তদন্তাধীন রয়েছে। আব্দুল গনির বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই। ২০০২ সালে একটি মামলা হলেও তা নিষ্পত্তি হয়ে গেছে। অন্য প্রার্থীদের বিরুদ্ধে কোনো মামলা নেই।
সম্পদ: আব্দুল গনির বার্ষিক মোট আয় ১০ লাখ ৩১৫ টাকা। সবই আসে ব্যবসা থেকে। তাঁর একটি টয়োটা গাড়ি, দুটি টেলিভিশন, দুটি রেফ্রিজারেটর, একটি এয়ারকন্ডিশনার, একটি মুঠোফোন, একটি খাট, এক সেট সোফা, একটি শোকেস, দুটি আলমারি, একটি শটগান, ব্যাংকে ২০ লাখ এবং নগদ এক লাখ টাকা আর স্ত্রীর নামে ১০ ভরি সোনা ও একটি মুঠোফোন রয়েছে। আব্দুল গনির নামে কোনো ব্যাংকঋণ নেই।
বদিউজ্জামানের বার্ষিক আয় চার লাখ টাকা। তিনিও ওই পরিমাণ টাকা আয় দেখিয়েছেন ব্যবসা থেকে। তাঁর ১১ লাখ ৭২ হাজার টাকার যানবাহন, সোনা ৪০ ভরি, ৫০ হাজার টাকা মূল্যের আসবাবপত্র এবং নগদ রয়েছে ১২ লাখ ৯২ হাজার ৩৬০ টাকা। তাঁর বাসায় কোনো বৈদ্যুতিক সামগ্রী নেই। ব্যাংকে কোনো টাকা নেই ও নিজের বাড়ি নেই। স্থাবর সম্পদের মধ্যে ৩৮ লাখ ১৫ হাজার টাকার কৃষিজমি আর ৩৪ লাখ ৮৭ হাজার ৫০০ টাকার অকৃষিজমি রয়েছে। বদিউজ্জামানের ব্যাংকঋণের পরিমাণ ৭৫ লাখ টাকা।
আজম খান তাঁর বার্ষিক আয় দেখিয়েছেন ২ লাখ ১০ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ৮০ হাজার টাকা, ৮০ হাজার টাকার বৈদ্যুতিক সামগ্রী ও ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের আসবাবপত্র। এ ছাড়া সোনা রয়েছে ৩০ তোলা।
আজিজুর রহমানের বার্ষিক আয় ৩ লাখ ১০ হাজার টাকা। এর মধ্যে ব্যবসা থেকে আসে ২ লাখ ৩৮ হাজার আর বাড়িভাড়া পান ৭২ হাজার টাকা। তাঁর ২৫ ভরি সোনা, ১ লাখ ৭৭ হাজার ১৬৮ টাকার সঞ্চয়পত্র, ২ লাখ টাকার বৈদ্যুতিক সামগ্রী ও ২ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে কৃষিজমি ২৫ শতাংশ আর অকৃষিজমি ১৯ শতাংশ।
মোশারফ হোসেনের বার্ষিক আয় ২ লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে ব্যবসা থেকে আয় হয় ১ লাখ ৬০ হাজার আর বাড়িভাড়া থেকে আসে ১ লাখ ২০ হাজার টাকা। তাঁর নগদ অর্থের পরিমাণ ৪০ হাজার, বৈদ্যুতিক সামগ্রীর মধ্যে রয়েছে টেলিভিশন ও রেফ্রিজারেটর। তবে কোনো মূল্য বা সংখ্যা উল্লেখ করা হয়নি। এ ছাড়া স্থাবর সম্পদের মধ্যে রয়েছে কৃষিজমি ৪ শতাংশ আর অকৃষিজমি ৬ শতাংশ।
সালাউদ্দিন খানের বার্ষিক আয় ১০ লাখ ১৫ হাজার ৯২৪ টাকা। এর মধ্যে তাঁর ব্যবসা থেকে আয় ৩ লাখ ৭৭ হাজার ১৩৪ টাকা আর শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় ২ লাখ ৭১ হাজার ৭৯০ টাকা। এ ছাড়া তাঁর ওপর নির্ভরশীলদের আয় ৩ লাখ ৬৭ হাজার টাকা। তাঁর নগদ টাকা ৬ লাখ ৫৫ হাজার ৩০৭, নিজের নামে ব্যাংকে জমা ৪ হাজার ৮৮৭ টাকা আর প্রতিষ্ঠানের নামে ৩২ লাখ ১৫ হাজার ৪৯৪ টাকা, দুটি ব্যক্তিগত গাড়ি, ২০ হাজার টাকার সোনা, ১ লাখ ৯০ হাজার টাকার আসবাবপত্র, ১ লাখ ৯৫ হাজার ৪২৭ টাকার পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত এবং ৮৩ হাজার ৪০০ টাকার অন্যান্য অস্থাবর সম্পদ রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৫৭ শতাংশ অকৃষিজমি ও ১৪ লাখ ৮২ হাজার ৪০০ টাকা মূল্যের আবাসিক ভবন। এ ছাড়া স্ত্রীর নামে রয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৬৮০ টাকা মূল্যের অকৃষিজমি এবং ১১ লাখ ১৩ হাজার ৫১৮ টাকা মূল্যের অ্যাপার্টমেন্ট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোমিন মিয়া বলেন, বাছাইয়ে মেয়র পদপ্রার্থী মফিজুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়। পরে আপিলে তিনি টিকে যান। এ কারণে তাঁর হলফনামা এখনো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়নি। অন্যদের হলফনামা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।