চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে পাঁচটি ও বিএনপির প্রার্থীর বিরুদ্ধে একটি মামলা আছে। মামলার মতো হাতে নগদ টাকা থাকার দিক থেকেও আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে আছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া তাঁদের হলফনামা ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে।
ফরিদগঞ্জ পৌরসভায় চারজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁরা হলেন স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র মঞ্জিল হোসেন, আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুল হক, বিএনপির প্রার্থী হারুন-অর রশিদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দেলোয়ার হোসেন। এঁদের মধ্যে দেলোয়ার হোসেনের শিক্ষাগত যোগ্যতা তিনি কোরআনে হাফেজ। বাকি তিনজন এইচএসসি পাস।
হলফনামা ঘেঁটে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুল হকের বিরুদ্ধে আদালতে পাঁচটি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চারটিতে তিনি অভিযুক্ত। বছরে তিনি ব্যবসা থেকে ২ লাখ ৬০ হাজার টাকা আয় করেন। তাঁর নগদ ৯ লাখ ৬০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ ও এক লাখ টাকার অন্যান্য জিনিসপত্র রয়েছে।
বিএনপির প্রার্থী হারুন-অর-রশিদের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তিনি কৃষি খাত থেকে বছরে ৬ হাজার ৫০০, শেয়ার ও সঞ্চয়পত্র থেকে ৩৩ হাজার ৬০০ টাকা ও অন্যান্য খাত থেকে এক লাখ টাকা আয় করেন। তাঁর অস্থাবর সম্পত্তির মধ্যে নগদ ৬৫ হাজার টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২ লাখ ৭ হাজার ৩৭০ টাকা, ২৫ তোলা স্বর্ণ এবং ৩০ হাজার টাকার আসবাব ও অন্যান্য সামগ্রী আছে। স্থাবর সম্পত্তির মধ্যে ৫০ শতাংশ কৃষি ও ২৩ দশমিক ৩৩ শতাংশ অকৃষি জমি রয়েছে। পৈতৃক সূত্রে পাওয়া তাঁর একটি টিনের ছাউনির ঘর আছে।
স্বতন্ত্র প্রার্থী মঞ্জিল হোসেনের বিরুদ্ধে কোনো মামলা নেই। বাড়িভাড়া থেকে তিনি বছরে ৯৬ হাজার, ব্যবসা থেকে ৫ লাখ ৪৪ হাজার ও অন্যান্য খাত থেকে ১ লাখ ৪৪ হাজার টাকা আয় করেন। তাঁর অস্থাবর সম্পত্তি আছে তিন লাখ টাকার। সোনালী, ইসলামী ও ফার্মার্স ব্যাংকে তাঁর মোট জমা চার হাজার টাকা। তাঁর ৩০ তোলা স্বর্ণ ও ১০ হাজার টাকার আসবাব রয়েছে। স্থাবর সম্পত্তির মধ্যে তাঁর ৭৫ দশমিক ২ শতাংশ অকৃষি জমি ও পাঁচটি দোকান রয়েছে। তিনি মার্কেন্টাইল ব্যাংক থেকে ৩২ লাখ ৮৩ হাজার ৮১৭ টাকা ৯২ পয়সা ঋণ নিয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দেলোয়ার হোসেন কোনো মামলায় অভিযুক্ত নন। বছরে তাঁর আয় ৫০ হাজার টাকা। অস্থাবর সম্পত্তি হিসেবে নগদ টাকা আছে ২০ হাজার। তাঁর কৃষি ও অকৃষি জমির পরিমাণ ৮৬ শতাংশ। একটি আধা পাকা ঘর ছাড়া তাঁর আর কিছু নেই।