মামলা ও নিরাপত্তা প্রশ্নে নীতিমালা কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসায় অবহেলার অভিযোগে কোনো চিকিৎসকের বিরুদ্ধে মামলা ও তাঁকে গ্রেপ্তার এবং পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে একটি নীতিমালা প্রণয়নের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
গত সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন। স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
চিকিৎসায় অবহেলার অভিযোগে দণ্ডবিধির ৩০৪(এ) ধারায় চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান রিটটি করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী তানভীর পারভেজ ও হাবিবুর রহমান মামলা পরিচালনা করেন।
পরে তানভীর পারভেজ প্রথম আলোকে বলেন, প্রাথমিক অভিযোগের সত্যতা যাচাই ও অন্য চিকিৎসকের মতামত ছাড়া অভিযোগ ওঠা চিকিৎসকের বিরুদ্ধে নালিশি মামলা গ্রহণ না করা, এজাহার মামলার ক্ষেত্রে মেডিকেল বোর্ড গঠন ও বোর্ডের মতামত নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা এবং দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতের বিষয় বিবেচনায় নিয়ে নীতিমালা প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।