মামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোর বাউফল প্রতিনিধি মো. মিজানুর রহমানকে নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দুটি জেলায় মানববন্ধন হয়েছে। লক্ষ্মীপুর ও বরিশালের আগৈলঝাড়ায় গতকাল মঙ্গলবার এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. কাউছার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আব্বাছ হোসেন, আরটিভির প্রতিনিধি তৌহিদুর রহমান, সমকাল প্রতিনিধি আতোয়ার রহমান মনির, লক্ষ্মীপুর বন্ধুসভার সভাপতি ফখরুল ইসলাম প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন প্রথম আলো বন্ধুসভা লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি শাহাদাৎ হোসেন।
বক্তারা সাংবাদিক মিজানুর রহমানকে নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
একই দাবিতে আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বাসস্ট্যান্ড এলাকায়ও মানববন্ধন হয়। এতে জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকসহ নানা পেশার মানুষ অংশ নেন। বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি ওয়াসিম ভূইয়া, সাবেক সভাপতি সরদার হারুন রানা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাংবাদিক মো. জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম প্রমুখ। বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহারসহ নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।