'মামলা কমে আসায় তদন্তও কমেছে'
বাংলাদেশের দাবি, সরকার মানব পাচার প্রতিরোধ কার্যক্রম জোরদার করায় ও পাচার প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি আগের চেয়েও অনেক ভালো হয়েছে। সরকারের তদারকির কারণে এ-সংক্রান্ত ঘটনা ও মামলা কমে এসেছে। মামলা কমে আসার কারণে তদন্তও কমে এসেছে।
বাংলাদেশের এই অবস্থার কথা তুলে ধরে যুক্তরাষ্ট্রে এ-সংক্রান্ত প্রতিবেদন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে মানব পাচারসংক্রান্ত মামলা পরিচালনায় কেবল পাচারপ্রবণ জেলাগুলোতে বিশেষ পিপি নিয়োগ করতে আইন ও বিচার বিভাগকে অনুরোধ করেছে। মানব পাচারপ্রবণ নয়, এমন জেলায় মানব পাচারসংক্রান্ত মামলা পরিচালনার জন্য বর্তমানে কর্মরত পিপি বা তাঁর অধস্তন ব্যক্তিকে দায়িত্ব দিতে বলা হয়েছে।
সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের মানব পাচারবিষয়ক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে পাচার প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থতার কারণে পরিস্থিতি আগের চেয়েও খারাপ হয়েছে। সেখানে বলা হয়, মানব পাচার প্রতিরোধে সরকার ন্যূনতম মানও বজায় না রাখায় বাংলাদেশ ‘টায়ার-২’ থেকে এক ধাপ নেমে ‘টায়ার-২ ওয়াচ লিস্ট’ বা দ্বিতীয় স্তরের নজরদারিতে থাকা দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই বার্ষিক প্রতিবেদন বিষয়ে সরকারের অবস্থান ঠিক করতে গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানব পাচার বিষয়ে যাঁরা কাজ করেন, তাঁদের নিয়ে বৈঠক করে বাংলাদেশের অবস্থা নিয়ে আলোচনা করে। এ বিষয়ে যেসব জবাব পাঠানো হবে, তা-ও নির্ধারণ করা হয়।
বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মানব পাচার প্রতিরোধে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। মানব পাচারসংক্রান্ত অভিযোগ তদন্তের জন্য পর্যাপ্ত জনবল রয়েছে। তদন্ত কার্যক্রম দেখার জন্য কয়েকটা ধাপ আছে, অভিযোগপত্র দেওয়া হয়েছে। অর্থাৎ, মামলা কমে যাওয়ার জন্যই তদন্ত কমে গেছে।
যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে মানব পাচার রোধ না করতে পারার কারণ হিসেবে প্রশিক্ষণের অপ্রতুলতা, পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষার জন্য আনুষ্ঠানিক ব্যবস্থা, প্রতারণার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা ও জনশক্তি রপ্তানির ক্ষেত্রে উচ্চ ফির বিষয় উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমালোচনা করে বলেছে, আগের বছরের তুলনায় মানব পাচারবিষয়ক অপরাধের তদন্ত, মামলা পরিচালনা ও অপরাধীর দণ্ড দেওয়া হচ্ছে না।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ২০১৬ তে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বাধা দেওয়ার কার্যক্রম জোরদার করার কারণেই মামলার সংখ্যা কমেছে। এ ছাড়া অভিযোগ তদন্তের জন্য পর্যাপ্ত জনবল রয়েছে। তদন্ত কার্যক্রম দেখার জন্য কয়েকটা ধাপ আছে। এর মধ্যে অনেক মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। অর্থাৎ, মামলা কমে যাওয়ার জন্যই তদন্ত কমে গেছে। এ বছর কোস্টগার্ড ও বিজিবির তৎপরতার কারণে সমুদ্রপথে পাচার ও মামলার সংখ্যা চার শর মতো কমেছে। মামলা করার পর মামলা পরিচালনার সময় অনেক ভিকটিমকে পাওয়া যায় না, সাক্ষী পাওয়া যায় না বা বিভিন্ন কারণে তারা মামলার বিষয় অস্বীকার করে।
জননিরাপত্তা সচিব কামাল উদ্দিনের মতে, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন বাস্তবায়নের জন্য বিধিমালা প্রণয়ন করা হয়েছে। ফলে মামলা কমেছে।
মানব পাচার প্রতিবেদনে বলা হয়েছে, সরকার শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অর্থ নিয়ন্ত্রণের লক্ষ্যে কয়েকটি দেশের সঙ্গে জনশক্তি রপ্তানি চুক্তি করেছে। পর্যাপ্ত ব্যবস্থা ছাড়াই অবৈধভাবে অতিরিক্ত অর্থ নিয়ে শ্রমিকদের বিদেশে পাঠানোর জন্য পরিচালিত এজেন্টগুলো মানব পাচারের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে সরকার বলছে, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভুয়া কাজে যোগ দেয় ও ট্রাভেল এজেন্ট দ্বারা সাধারণ মানুষ পাচারের শিকার হয়। ইউরোপের শরণার্থীশিবিরে বাংলাদেশি ছিল। এজেন্সির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সুনির্দিষ্ট নয়, তবে কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্র বলছে সরকারের শনাক্ত করা পাচারের শিকার ব্যক্তিদের সংখ্যাও কমে এসেছে। যেহেতু সরকার পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষার জন্য আনুষ্ঠানিক ব্যবস্থা নেয়নি। ওই ব্যক্তিদের সুনির্দিষ্ট চাহিদা অনুসারে পুনর্বাসনে সরকার ব্যর্থ হয়েছে। পাচারের শিকার প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। যথাযথভাবে নজর না রাখায় এই ব্যক্তিরাই বারবার পাচারের শিকার হয়েছে বলে জানিয়েছে বেসরকারি সংগঠনগুলো।
সরকার এ বিষয়ে বলছে, বিদেশে ট্রানজিট হোমগুলোতে যথাযথভাবে সেবা প্রদান করা হয় না। হোমে অব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশের বক্তব্য, বেনাপোল সীমান্তে সেন্টার হোমের জায়গা চূড়ান্ত হলে তা বাস্তবায়ন করা হবে।
এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, ‘মানব পাচার অনেক কমে এসেছে। আমরা আমাদের অবস্থা যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরব। মানব পাচার মামলা তদারকি কমিটির বৈঠক যেন নিয়মিত হয়, সেদিকে জোর দেব। মানব পাচার বিষয়ে কেউ অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’