মামলা কমেছে তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবর থেকে ডিসেম্বরের তুলনায় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে দেশে মামলা কম হয়েছে। তাই পুলিশের দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। গতকাল সোমবার পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যালোচনা বৈঠকে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট হত্যা মামলাগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানানো হয়, ব্লগার হত্যার ১১টি মামলার মধ্যে ১০টিরই বিচার শেষ হয়নি এখনো।
বৈঠকে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জঙ্গি তৎপরতা বন্ধে জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ দেন। তিনি বলেন, কোনো ছাড় না দেওয়ার নীতি অনুসরণ করা হচ্ছে এ ব্যাপারে। জঙ্গি কার্যক্রম সম্পর্কে পুলিশকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ভাড়াটে, ভাসমান ও অস্থায়ী আগন্তুকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। তাদের সঠিক পরিচয় শনাক্ত করতে হবে। অপরাধী ও সন্ত্রাসী চিহ্নিত করার ক্ষেত্রে কমিউনিটি পুলিশকে সম্পৃক্ত করতে হবে।
সভায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. জহিরুল ইসলাম ভূঁইয়া এ বছরের প্রথম তিন মাসের অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। বলা হয়, ২০১৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট মামলা হয়েছিল ৪৪ হাজার ২১৫টি। এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মামলা হয়েছে ৪২ হাজার ২৬৯টি।