মামলা করতে বাধা দিতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুল থানায় মামলা করার সময় গতকাল শুক্রবার রাতে বাদীপক্ষকে বাধা ও হুমকি দিয়ে আটক হয়েছেন জাহিদ মাহমুদ নামের ছাত্রলীগের এক নেতা। তিনি মিরপুর বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি বলে জানা গেছে। এ ঘটনার পর জাহিদের শাস্তি দাবি করে গভীর রাতে কাফরুল থানার সামনে বিক্ষোভ করেন বাদীপক্ষের লোকজন।
বাদীপক্ষ জানায়, জাহিদের সঙ্গে ফাতেমাতুজ জোহরা নামের মিরপুর বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের এক শিক্ষার্থীর সম্পর্ক ছিল। ফাতেমা কাফরুল থানা শাখা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদিকা ছিলেন। জাহিদের সঙ্গে সম্পর্কের একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর ফাতেমা বিয়ের জন্য জাহিদকে চাপ দেন। জাহিদ বিয়ে করতে অপারগতা প্রকাশ করলে ১ জুন ফাতেমা কাফরুল থানায় তাঁর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের অভিযোগ, জিডি করার পর থেকেই জাহিদ ফাতেমা এবং তাঁর পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন। ১৩ জুন মিরপুর শেওড়াপাড়ার বাসায় গলায় ফাঁস দেন ফাতেমা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ১৯ জুন ফাতেমা মারা যান।
পরিবার জানায়, গতকাল শুক্রবার রাতে ফাতেমার বাবা তোফাজ্জল হোসেন ও মামা জুয়েল রানা জাহিদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে কাফরুল থানায় মামলা করতে যান। তখন খবর পেয়ে চার-পাঁচজনকে নিয়ে উপস্থিত হন জাহিদ। পরিবারের অভিযোগ, তিনি ফাতেমার পরিবারকে মামলা করলে প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে পুলিশ জাহিদকে আটক করে হাজতে রাখে।
জুয়েল রানা বলেন, ‘মামলা করতে গেলে জাহিদ পুলিশের সামনেই বলতে থাকে, মামলা করলে নাকি আমাদের ভ্যানিশ করে দেওয়া হবে।’
কাফরুল থানার এসআই কৃষ্ণ রায় বলেন, জাহিদকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
জাহিদ হাজতে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।