মামলা করতে সরকারের অনুমতি লাগবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের অনুমতিসংক্রান্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের সংশোধনীতে আনা ৩২(ক) ধারা অবৈধ ও সংবিধানপরিপন্থী ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এখন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের অনুমতি লাগবে না।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রায়ে বলা হয়, সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুসারে আইনের দৃষ্টিতে সবাই সমান। সংবিধানের ২৬(২) অনুচ্ছেদ অনুসারে মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিল হবে। সংবিধানের ৭(২) অনুসারে কোনো আইন যতখানি সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, ততটুকু বাতিল হবে। ওই ধারাটি সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। জাতীয় সংসদের স্থায়ী কমিটির প্রতিবেদন ও আইনের প্রস্তাবিত বিলে ৩২(ক) ধারা সম্পর্কে উল্লেখ না থাকলেও সংশোধিত আইনে ধারাটি যুক্ত করা হয়, যা উদ্দেশ্যপ্রণোদিত। সংশোধিত আইনে একটি শ্রেণীকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যা সংবিধানের ২৭ অনুচ্ছেদের পরিপন্থী। ওই ধারাটি আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বাতিলযোগ্য।
গতকাল এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, দুদকের ক্ষমতা খর্বকারী ধারাটি ‘অবৈধ’ ও ‘অসাংবিধানিক’ ঘোষণা করে একদিকে এর সাংবিধানিক যৌক্তিকতা প্রতিষ্ঠিত হয়েছে, অন্যদিকে সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সব নাগরিক যে সমান, তা সমুন্নত হয়েছে। একই সঙ্গে রায়ের আলোকে সংশোধনীটি বাতিলের প্রক্রিয়া দ্রুত চূড়ান্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। কারও বিরুদ্ধে মামলা করতে আমাদের আর কোনো বাধা নেই। এতে আমাদের কাজের গতি বাড়বে।’
গত বছরের ১০ নভেম্বর নবম সংসদে দুর্নীতি দমন কমিশন সংশোধন বিল, ২০১৩ পাস করে। এতে নতুন করে ৩২(ক) ধারা যুক্ত করে বলা হয়, এই আইনের অধীনে জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ১৯৭ ধারা আবশ্যিকভাবে পালন করতে হবে। ফলে সরকারের অনুমোদন ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী, জজ ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুদক কোনো মামলা করতে পারবে না। এই আইন পাসের পর সব মহল থেকেই ব্যাপক সমালোচনা করা হয়।
এরপর আইনের ৩২(ক) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের নভেম্বর মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে চার আইনজীবী রিট করেন।
এতে বলা হয়, ২০০৪ সালের আইনে সুস্পষ্টভাবে কমিশনের স্বাধীনতার কথা বলা হয়েছে। আইনের ২০(১) ধারায় বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধিতে যা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীনে অপরাধ কমিশন কর্তৃক তদন্তযোগ্য হবে। সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুসারে সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান। কিন্তু দুদক আইনের সংশোধনীতে জজ, ম্যাজিস্ট্রেট ও সরকারি কর্মচারীদের বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে, যা বৈষম্যমূলক। সে কারণে সংবিধানের ২৬ অনুচ্ছেদ অনুসারে তা বাতিলযোগ্য।
প্রাথমিক শুনানির পর গত ২৫ নভেম্বর আদালত রুল দেন। রুলে ৩২(ক) ধারা কেন সংবিধানপরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইনসচিব ও সংসদ সচিবালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়। এ রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
রায়ের পর মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ধারাটি বাতিল ঘোষিত হওয়ায় মামলা দায়ের করার ক্ষেত্রে সরকারের অনুমতি লাগবে না। দুদকের স্বাধীনতায় পরোক্ষ হস্তক্ষেপ বন্ধ হবে। দুদক স্বাধীনভাবে কাজ করতে পারবে।
বিশ্বজিত রায় বলেন, সরকারের নির্দেশনা পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।