মামলা করার জন্য সামান্য আঘাত পেয়ে অথবা আহত না হয়েই রোগী সেজে অনেকে কুড়িগ্রামের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। এতে ওষুধ-পথ্যসহ সেবাসুবিধার জন্য একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হচ্ছে, তেমনি প্রকৃত রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।গত শনিবার হাসপাতালে গিয়ে দেখা যায়, বিছানায় শুয়ে আছেন উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট গ্রামের মানিক মিয়া (৫৫)। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। মানিক মিয়া জানান, তিন দিন আগে জমি নিয়ে ভাইয়ের সঙ্গে মারামারি হয়েছে। যদি মামলা করতে হয়, তাই হাসপাতালে ভর্তি হয়েছেন।জমি নিয়ে বিরোধের জের ধরে মামলা করার জন্য তিনি ছাড়াও হাসপাতালে ভর্তি হয়েছেন উলিপুর পৌরসভার নারিকেলবাড়ী গ্রামের সুরজাহান বেগম (৫০) ও রামদাস ধনীরাম গ্রামের সামছুন্নাহার (৪৭)। হাসপাতাল সূত্র জানায়, জমি নিয়ে বিরোধ, পারিবারিক অশান্তিসহ নানা কারণে সংঘর্ষে জড়িয়ে প্রতিদিন কিছু লোক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যেতে পারেন। কিন্তু মামলায় সুবিধা পেতে তাঁরা প্রভাব খাটিয়ে বা কৌশলে সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন। এসব রোগী ভর্তি করতে না চাইলে অনেক সময় স্থানীয় রাজনীতিকসহ প্রভাবশালীরা চাপ দেন।সূত্র আরও জানায়, গত এক সপ্তাহে বিভিন্ন স্থানে মারামারিতে লিপ্ত হয়ে ২৭ জন এই হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের কারও কারও মাথা, পিঠ, কোমরে আঘাত যেমন রয়েছে, তেমনি কারও রয়েছে সামান্য কাটাছেঁড়া অথবা শরীরে ব্যথা।বড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের শান্তনা রানী (২৫) জানান, স্বামী তাঁকে মেরেছেন। স্বামীর সঙ্গে সমঝোতা না হলে মামলা করবেন। তাই তিনি তিন দিন ধরে হাসপাতালে আছেন। তবকপুর ইউনিয়নের খামার তবকপুর গ্রামের মাদ্রাসাশিক্ষক আবু ওয়াছে এক সপ্তাহ আগে সহকর্মীর সঙ্গে ঝগড়া করে মামলা করার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ভাইয়ের সঙ্গে জমি নিয়ে মারামারি করে বজরা গ্রামের একই পরিবারের মোস্তাফিজ (৪৫), আমজাদ আলী (৩৫), সাইফুল (৩০), ইউনুছ (৬০), শেফালী (৩৫), সুজন (১৫) ও সুমন (২৭) হাসপাতালে চিকিৎসাধীন।হাসপাতালের সেবিকা মমতাজ বেগম জানান, এখানে চিকিৎসা নিতে খুব কমসংখ্যক রোগী ভর্তি হন। প্রতিপক্ষকে ঘায়েল করতে সনদ নেওয়ার জন্য ভর্তি রোগীর সংখ্যাই বেশি।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোস্তফা কামাল জানান, সামান্য জখম বা জখম ছাড়াই রোগীরা এখানে ভর্তি হওয়ায় শয্যাসংকট দেখা দেয়। ফলে গুরুতর অসুস্থ রোগীদের অনেক সময় বারান্দায় বিছানা পেতে চিকিৎসা দিতে হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় কুমার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, এতে সরকারের মোটা অঙ্কের টাকা গচ্চা যাচ্ছে। তিনি বলেন, একজন রোগীর পেছনে প্রতিদিন খাদ্য, ওষুধ ও সেবা বাবদ অন্তত ৩০০ টাকা খরচ হয়।ডেপুটি সিভিল সার্জন লোকমান হাকীম জানান, শিক্ষায় অনগ্রসর এবং দারিদ্র্যের কারণে স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে এই এলাকার অনেক মানুষ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে সনদ প্রদানে কড়াকড়ির কারণে ধীরে ধীরে এই প্রবণতা কমে আসছে।