বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসানের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে শাখা পরিচালনার অভিযোগে এই মামলা করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ইতিমধ্যে মামলার প্রক্রিয়াও শুরু করেছে ইউজিসি।এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা ইউজিসির সদস্য আতফুল হাই শিবলী প্রথম আলোকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আমরা ইতিমধ্যে মামলার প্রক্রিয়া শুরু করেছি। এ জন্য আমাদের আইনজীবী প্যানেলের কাছে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে।’ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শাখা ক্যাম্পাস ও দূরশিক্ষণ পদ্ধতির কার্যক্রম বন্ধ। নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বাংলাদেশে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা বৈধ নয়। কিন্তু দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সারা দেশে অবৈধভাবে শাখা (আউটার) ক্যাম্পাস খুলে শিক্ষাবাণিজ্য করার অভিযোগ রয়েছে। মালিকানা নিয়ে বিরোধের জের ধরে বিশ্ববিদ্যালয়টি এখন চার ভাগে বিভক্ত হয়ে অসংখ্য আউটার ক্যাম্পাস পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে ৮৪টি শাখা ক্যাম্পাস থাকার তথ্য পাওয়া গেলেও প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশ্ববিদ্যালয়ের পক্ষে আদালতে বেশ কয়েকটি মামলা থাকায় বিষয়টি আরও জটিল হয়ে পড়েছে।শিক্ষা মন্ত্রণালয় গত ২৩ ফেব্রুয়ারি চিঠি দিয়ে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করার জন্য ইউজিসিকে পরামর্শ দেয়।ইউজিসি সূত্রে জানা গেছে, এই চিঠি পাওয়ার পর প্রথমে ইউজিসি মামলা করবে কি না, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় পড়ে। পরে অ্যাটর্নি জেনারেলের সহায়তা পাওয়ার আশ্বাস পেয়ে তারা মামলার প্রক্রিয়া শুরু করে।