মামলা করল ছাত্রলীগও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার সময় অস্ত্র হাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ (বাঁয়ে ঘড়ি পরা) এবং সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ইমন (ডানে)। গতকাল ক্যাম্পাসের বাস টার্মিনালের সামনে থেকে তোলা ছবি । শহীদুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার সময় অস্ত্র হাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ (বাঁয়ে ঘড়ি পরা) এবং সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ইমন (ডানে)। গতকাল ক্যাম্পাসের বাস টার্মিনালের সামনে থেকে তোলা ছবি । শহীদুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার ঘটনায় আজ সোমবার সন্ধ্যায় মামলা করেছে বাংলাদেশ ছাত্রলীগও।

মতিহার থানায় করা ওই মামলার বাদী হলেন ছাত্রলীগের সহসভাপতি তন্মায়ানন্দ। মামলায় ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, গতকাল ছাত্রলীগের মিছিলে বাইরে থেকে ককটেল ছোড়া হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুর নুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ছাত্রলীগের তদন্ত কমিটি: হামলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জয়দেব নন্দী, শাহিনুর রশীদ জুয়েল, জিয়াউল হক, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও দপ্তর সম্পাদক শেখ রাসেল। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


এদিকে এ ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক খালিকুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন রসায়ন বিভাগের নজরুল ইসলাম, ফলিত গণিত বিভাগের শামসুল আলম সরকার, সিন্ডিকেট সদস্য ইব্রাহিম হোসেন ও কমিটির সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক।
বর্ধিত ফি প্রত্যাহার এবং বিভিন্ন বিভাগের সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গতকাল পুলিশ ও ছাত্রলীগের হামলা চালায়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।