মামলা করলেন শাহজাদপুর পৌর মেয়রের স্ত্রী
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে মেয়রের বাড়িতে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ৬২ দিন পর অবশেষে মামলা হয়েছে। পৌর মেয়র হালিমুল হকের স্ত্রী লুৎফুন নেছা বাদী হয়ে আদালতে গতকাল মঙ্গলবার ওই মামলা করেন।
শাহজাদপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে করা ওই মামলায় সাবেক ভিপি তৎকালীন পৌরসভার মেয়র প্রার্থী আবদুর রহিমকে প্রধান আসামি, ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাসিবুল হক মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি আবদুর রহিমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র লাঠি, লোহার রড ও ধারলো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হালিমুল হককে হত্যার উদ্দেশ্যে পৌর শহরের মনিরামপুর বাসভবনে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁর বাসভবনে ভাঙচুরসহ ককটেল নিক্ষেপ করেন। আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গুলিবর্ষণ করায় সাহেব আলীসহ অন্তত ১৫ জন আহত হন। তাঁরা মেয়র হালিমুলকে বাসা থেকে বের হয়ে আসার জন্য নানা রকম হুমকি-ধমকি দেন।