মামলা করার নির্দেশ নির্বাচন কমিশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় নবীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাস্তা কেটে ভোটকেন্দ্র দখলের ঘটনায় মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার বিকেলে কমিশন থেকে এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মনির হোসেন।
এদিকে সড়কের কাটা অংশ গতকাল বিকেল পর্যন্ত সংস্কার করা হয়নি। ফলে গ্রামের বাসিন্দারা দুই দিন ধরে চলাচলে ভোগান্তিতে পড়েছেন। সড়ক তিনটি দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার ঘটনায় নবীপুর ইউনিয়নের নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। গত সোমবার এ কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোট নেওয়ার কথা ছিল। কিন্তু ভোর পৌনে পাঁচটার দিকে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষের কয়েক শ লোক অস্ত্রশস্ত্র নিয়ে কেন্দ্রে হামলা চালায়। তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এবং নির্বাচনী দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশসহ সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তারা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে আনারস প্রতীকে সিল মেরে বাক্সে ঢুকিয়ে চলে যায়। উদ্ভূত পরিস্থিতিতে প্রিসাইডিং কর্মকর্তা কেন্দ্রটির ভোট স্থগিত করেন।
জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মনির হোসেন বলেন, এ ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ভোটকেন্দ্র দখলের আগে হামলাকারী প্রার্থীর লোকজন ভোটকেন্দ্রে যাতায়াতের নলদিয়া গ্রামের তিনটি রাস্তা কেটে ফেলে। এর ফলে খবর পাওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। রাস্তার কাটা অংশ গতকাল বিকেল পর্যন্তও ভরাট কিংবা সংস্কার করা হয়নি।
নবীপুর ইউপির বর্তমান চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, ‘রাস্তা তিনটি ইউনিয়ন পরিষদের অধীনে। কিন্তু আমি কেন রাস্তা ঠিক করব? যিনি রাস্তা কাটিয়েছেন ঠিক করা তাঁর দায়িত্ব। তিনিও তো জনপ্রতিনিধি হতে চান। তা হলে জনগণের চলাচলের রাস্তা কাটলেন কেন?’