ধর্ষণের শিকার এক স্কুলছাত্রীর পরিবারকে সমাজচ্যুত করার ঘটনায় গ্রামের মাতবরদের বিরুদ্ধে মামলা হওয়ার পর নির্যাতনের মাত্রা আরও বেড়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীর মা গতকাল বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবে এসে সংবাদ সমেঞ্চলন করেন। তিনি বলেন, থানায় দুটি মামলা করার পর ধর্ষক রুবেল ও গ্রামের মাতবরদের আত্মীয়স্বজনেরা তাঁদের বাড়ির চালে রাতভর ঢিল ছুড়ছেন ও গালিগালাজ করছেন। মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় গতকাল সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ছাত্রীর মা।পুলিশ ও ওই ছাত্রীর পরিবার জানায়, সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের রুবেল মিয়া একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রুবেল এলাকা ছেড়ে পালান। ছাত্রীর মা গত ১৩ এপ্রিল সোনারগাঁ থানায় একটি মামলা করেন। এ কারণে স্থানীয় ভাটেরচর গ্রামের মাতবররা সালিস বৈঠক করে ছাত্রীর পরিবারকে সমাজচ্যুত করেন। এ নিয়ে ৬ মে প্রথম আলোতে ‘ধর্ষণের মামলা করায় ছাত্রীর পরিবারকে সমাজচ্যুত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে এলে সোনারগাঁ থানার পুলিশকে মামলা করার নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। পরে ২ জুন ওই ছাত্রীর মা সালিস বৈঠকের মাতবর জায়েদ আলী, আবু মিয়া, আবদুল বারেক, আবদুল আউয়াল, দুইখ্যা মিয়া, গফুর মুন্সি, হাজেরা বেগম ও ধর্ষণে অভিযুক্ত রুবেল মিয়ার বিরুদ্ধে আরও একটি মামলা করেন। মামলা হওয়ার দিনেই পুলিশ মাতবর জায়েদ আলী ও আবদুল বারেককে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। গত মঙ্গলবার আদালত থেকে জামিনে মুক্তি পান তাঁরা দুজন।যোগাযোগ করা হলে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাদিক প্রথম আলোকে বলেন, ‘রুবেল মিয়া পলাতক। হতদরিদ্র মেয়েটির পরিবারের ওপর অমানবিক মানসিক নির্যাতন চালানোর অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’