মামলা করার সম্মতি প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে ত্রুটির ঘটনায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ফৌজদারি মামলা করার ব্যাপারে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বিমানের সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে একটি কমিটি করার নির্দেশনা দিয়েছেন বলে সরকারি উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে।

গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন ও সচিব এস এম গোলাম ফারুকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।

বৈঠকে বিমানমন্ত্রী হাঙ্গেরি যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে ত্রুটির বিষয়ে জমা পড়া তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে মামলা করার ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি দেন। বৈঠকে তদন্ত প্রতিবেদনের পাশাপাশিবিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনায় দীর্ঘদিনের কিছু সমস্যা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী এসব সমস্যা সমাধান করার সুপারিশ নেওয়ার জন্য উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নিজ দপ্তরে ফিরে যান রাশেদ খান মেনন। সেখানে গিয়ে বৈঠক করেন সচিব এস এম গোলাম ফারুকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে।

বৈঠক শেষে রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রিসভা বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা বসেছিলাম। তিনি কিছু নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে আমরা ব্যবস্থা নেব। আর দুই-এক দিনের মধ্যেই হাঙ্গেরিগামী বিমানে ত্রুটির জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে। বিমান কর্তৃপক্ষ এ মামলা করবে।’

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ইঞ্জিনে ত্রুটির বিষয়ে গঠিত পৃথক তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনেই বলা হয়েছে, এটা ‘মানবসৃষ্ট’। এটা সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলা বা অদক্ষতা, নাকি নাশকতার চেষ্টা ছিল, তা খতিয়ে দেখার জন্য ফৌজদারি মামলা করার সুপারিশ করে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়, বিমানের প্রকৌশল শাখাসহ প্রতিটি স্তরে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার প্রমাণ পাওয়া গেছে।

এর আগে বিমানের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দুই দফায় প্রকৌশল বিভাগের নয়জনকে সাময়িক বহিষ্কার করা হয়। গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়, যার কারণে সেটি তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে। পরে অপর একটি বিমান পাঠিয়ে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বুদাপেস্টে পৌঁছানো হয়।