‘মামলা করেছিস কেন। তুই কি বাঁচতে চাস?’ চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে অপহরণের পর এ কথা বলে নির্যাতন শুরু করেছিলেন অপহরণকারীরা।
ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার সময় মৃদুল চৌধুরী ম্যাজিস্ট্রেটের কাছে এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলাম গতকাল তাঁর এ জবানবন্দি রেকর্ড করেন।
ব্যবসায়ী মৃদুল চৌধুরী তাঁর ৮০ ভরি সোনা কেড়ে নেওয়ার ঘটনায় র্যাব-২-এর মেজর রকিবুল আমিনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। অন্য দুই আসামি র্যাবের সোর্স ফাহাদ চৌধুরী ও মৃদুল চৌধুরীর গাড়ির চালক বাবুল দাস। মামলার পর মৃদুল চৌধুরী অপহূত হন। নিখোঁজ আছেন ফাহাদ চৌধুরী।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মৃদুল চৌধুরী আদালতকে বলেন, অপহরণকারীরা প্রথম দিন তাঁর কাছে ৫০ লাখ টাকা চেয়েছিলেন। পরে টাকা নিয়ে আর কোনো কথা বলেননি। দোতলা একটি অফিস কক্ষে তাঁকে আটকে মারধর করা হতো। ওই ঘর থেকে তিনি বিমান ও ট্রেন চলাচলের শব্দ পেতেন।
মৃদুল চৌধুরী বলেন, অপহরণের পর থেকে ছয় দিনই তাঁকে একটি ভবনের দোতলার একটি কক্ষে রাখা হয়। প্রথম তিন দিন কেউ তাঁর গায়ে হাত দেননি। চতুর্থ দিন জুমার নামাজের পর একজন লোক এসে মারধর শুরু করেন। মারধরের কারণে তিনি চিৎকার করলে জোরে গান ছেড়ে দেওয়া হয়। নয় পৃষ্ঠার জবানবন্দিতে মৃদুল বলেন, ‘১১ ফেব্রুয়ারি সকাল ১০টার সময় বাসা থেকে বের হওয়ার সময় একটি নোয়া গাড়ি সামনে এসে থামে। এরপর একটি লোক ধাক্কা দিয়ে গাড়িতে তোলে। তারা মুখোশ ও হাতকড়া পরিয়ে দেয়। ওই লোকজন নিজেদের ডিবি ও র্যাব বলে পরিচয় দেয়।’
মৃদুল বলেন, যে গাড়িতে তাঁকে তোলা হয় সেখানে ছয়জন লোক ছিলেন। সবাই সাদা পোশাকে। তাঁরা পরস্পরকে মামা বলে সম্বোধন করেন। একটি মাইক্রোবাস থেকে আরেকটি মাইক্রোবাসে তাঁকে তোলা হয়। একপর্যায়ে তাঁকে গাড়ির সিটের নিচে শুইয়ে দেওয়া হয়। তিন থেকে চার ঘণ্টা চলার পর তিনি ‘নারায়ণগঞ্জ’ শব্দটি শুনতে পান। তিনি বলেন, ‘আমার মুখোশটি হালকা হওয়ায় আঁচ করতে পারি, গাড়িটি ফ্লাইওভার অতিক্রম করছে। এরপর আরও কিছুক্ষণ চলার পর দোতলা একটি ভবনের কাছে আসে। তখন আমার মুখোশ খুলে দেয়। হাতও বেঁধে ফেলে। আমাকে থাকার জন্য একটি কম্বল দেওয়া হয়। সকালে ভুনা খিচুড়ি খেতে দেয়। এভাবে তিন দিন রাখা হয়।’
মৃদুল বলেন, তিন দিন পর জুমার নামাজের পর দুজন লোক এসে আরেকটি ঘরে নিয়ে যান। সেখানে সুইচ টিপলে ঘরের মেঝে ওপরে উঠে যায়। একজন মারতে মারতে বলেন, ‘তুই মামলা করেছিস কেন?’ একজন আঙুলে বিদ্যুতের শক দেন। হাঁটুর নিচে পেটাতে থাকেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে অন্য রুমে নিয়ে যান। তখন হাত ও পায়ের বন্ধন খুলে দিলে তিনি দেখেন, পা দিয়ে রক্ত ঝরছে।
মৃদুল বলেন, ‘ওই দিন রাত ১০টার দিকে দুজন লোক এসে বলে, “তুই বাঁচবি, না মরবি?” আমি বলি বাঁচতে চাই। তখন একজন বলে ৫০ লাখ টাকা দিতে হবে। আমার স্ত্রীর মোবাইল নম্বর নেয়। কিন্তু তারা আর টাকা চায়নি। এরপর ১৫ ফেব্রুয়ারি রাতে একটি গাড়িতে করে তারা আমাকে কুমিল্লার বুড়িচং এলাকায় নামিয়ে দেয়।’
বিকেল সাড়ে চারটা থেকে ছয়টা পর্যন্ত তিনি জবানবন্দি দেন। এরপর পরিবারের লোকজনের সঙ্গে বাসায় চলে যান।
আরেক অপহূতকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন: মৃদুলের ৮০ ভরি সোনা কেড়ে নেওয়ার ঘটনার সময় ঢাকা থেকে অপহূত হয়েছিলেন ফাহাদ চৌধুরী ওরফে দীপু নামের এক ব্যবসায়ী। মৃদুল চৌধুরী ফিরে এলেও ফাহাদের কোনো খোঁজ নেই।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলন করে তাঁর পরিবারের সদস্যরা ফাহাদকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চান।
সংবাদ সম্মেলনে ফাহাদের ভাই কামরুজ্জামান চৌধুরী বলেন, গত ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ঢাকার মতিঝিল কমলাপুর বালুর মাঠ এলাকা থেকে অজ্ঞাতনামা কিছু লোক ফাহাদ চৌধুরীকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ১৬ জানুয়ারি মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ নেই। তিনি বলেন, ‘আমার ভাই দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন। তিনি নিয়মিত করদাতা।’
কামরুজ্জামান আরও বলেন, এর মাঝে হঠাৎ করে গত বছরের ৩১ ডিসেম্বর সিআইডি দপ্তর থেকে একটি চিঠি আসে। এতে বলা হয়, ফাহাদ একটি মামলার আসামি। কিন্তু আমরা জানি, ফাহাদ কোনো অপরাধ করতে পারেন না। সংবাদ সম্মেলনে অবিলম্বে ফাহাদকে উদ্ধারে জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলন শেষে পরিবারের লোকজন জানান, ফাহাদ পাথরের ব্যবসা করেন। তাঁদের গ্রামের বাড়ি সন্দ্বীপ। নগরের হালিশহর সুরভি আবাসিক এলাকায় বসবাস করেন। তবে ব্যবসার কারণে ফাহাদ বেশির ভাগ সময়ে ঢাকা ও সিলেটে অবস্থান করেন।
অপহরণের এত দিন পর কেন সংবাদ সম্মেলন করলেন? জানতে চাইলে পরিবারের লোকজন বলেন, ব্যবসায়ী মৃদুল চৌধুরী উদ্ধারের পর তাঁরা সাহস পেয়েছেন।
সংবাদ সম্মেলনে অপহূত ফাহাদের মা, বোন ও বড় ভাই উপস্থিত ছিলেন।