মামলা করায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাঘাজোড়া গ্রামে গতকাল রোববার জান্নাতুল মাওয়া (২৪) নামের এক গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ ওই গৃহবধূকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, তিন বছর আগে উপজেলার বাঘাজোড়া গ্রামের শাহিন শরিফের সঙ্গে জান্নাতুল মাওয়ার বিয়ে হয়। জান্নাতুল মাওয়ার বাবার বাড়ি উপজেলার বরইবুনিয়া গ্রামে, বাবার নাম ওয়াহাব আলী শেখ।
হাসপাতালে চিকিৎসাধীন জান্নাতুল মাওয়া বলেন, ‘বিয়ের পর থেকে শাহিন যৌতুকের জন্য প্রায়ই মারধর করত। বিয়ের কয়েক মাস পর বাবা জমি কেনার জন্য শাহিনকে পাঁচ লাখ টাকা দেন। পরে বাবার কাছ থেকে টাকা নিয়ে সে সৌদি আরব যায়। স্বামীর অনুপস্থিতিতে শ্বশুরবাড়ির লোকজন আমাকে নির্যাতন করত। এ জন্য বাবার বাড়িতে চলে আসি। সম্প্রতি শাহিন দেশে ফিরে আসে। কিন্তু সে আমার খোঁজখবর নেয়নি। গত ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আদালতে মামলা করি। এতে শ্বশুরবাড়ির লোকজন ক্ষিপ্ত হন। শাহিন বাড়িতে আছে খবর পেয়ে গতকাল সকালে শ্বশুরবাড়ি যাই। শাহিনের অনুপস্থিতিতে তার বড় ভাই মালেক শরিফসহ কয়েকজন আমার হাত-পা বেঁধে মারপিট করেন। ’
মালেক শরিফ বলেন, ‘জান্নাতুল মাওয়ার সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তাঁকে মারপিট করিনি।’