মামলা করায় তাঁকেই বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি বিকৃত করে মুঠোফোন ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে মামলা করায় সাতক্ষীরার কালীগঞ্জের এক স্কুলশিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। আর ওই অপকর্মের অন্যতম হোতা বিদ্যালয়টির কার্যনির্বাহী কমিটির একজন সদস্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বিদ্যালয়ের কমিটির সভায় গতকাল সোমবার ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে কর্তৃপক্ষ শিক্ষিকাকে আপত্তিকর ভাষায় কারণ দর্শানোর নোটিশ দেয়। এ ঘটনায় ওই শিক্ষিকা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করছেন। বরখাস্তের বিষয়টি জানাজানির পর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের কাছে প্রতিবাদ জানিয়েছে।ভুক্তভোগী শিক্ষিকার ভাষ্যমতে, গত বছরের ২৩ অক্টোবর শহরের লাবণী মোড় এলাকায় তাঁকে লাঞ্ছিত করে মুঠোফোন ছিনতাই করে কয়েকজন দুর্বৃত্ত। এ ঘটনায় তিনি সদর থানায় একটি মামলা করেন। গত ১৯ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান কালীগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের সমীর দে ও পাইকগাছা উপজেলার বাকা গ্রামের সুশান্ত নামের দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু সমীর দে জামিনে মুক্তি পাওয়ার পর তাঁর বাবা সুভাষ দে ও বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল হামিদ তাঁকে মামলাটি তুলে নেওয়ার হুমকি দেন। পরে ১ মার্চ কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে আবদুল হামিদের নেতৃত্বে সমীর দে, হীরালাল বিশ্বাস, কার্তিক সরকার ও ইয়াসিন আলী তাঁকে চাকরিচ্যুত করার এবং সমঞ্চানহানির ভয় দেখান। ২৩ জুন ওই ব্যক্তিরা শিক্ষিকার ছবি বিকৃত করে মুঠোফোন ও ইন্টারনেটে তা ছড়িয়ে দেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে গত ২৮ জুন একই থানায় একটি মামলা করা হয়। এরপর পুলিশ আবদুল হামিদ ও কার্তিক সরকারকে গ্রেপ্তার করলেও পরে তাঁরা জামিনে মুক্তি পান। শিক্ষিকা আরও বলেন, আবদুল হামিদের বিরুদ্ধে মামলা করায় বিদ্যালয় কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়ে তাঁকে কাল্পনিক অভিযোগে ৩০ আগস্ট প্রধান শিক্ষিক আ ফ ম লুৎফর রহমান স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ দেয়। সাত দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়। সে অনুযায়ী তিনি গত ৪ তারিখে এর জবাব দেন। গতকাল তাঁকে বরখাস্ত করা হয়। জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মহন সরকার বলেন, ‘শিক্ষিকার বিকৃত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তদন্ত চলছে। এ অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ আইনসমঞ্চত নয়।’ প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, ‘এ বিষয়ে কোনো কিছু বলা যাবে না। কিছু শুনতে হলে কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহাদাৎ হোসেনের কাছে শুনতে হবে।’ কমিটির সভাপতি ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের সঙ্গে এ নিয়ে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।