মামলা করায় ধর্ষণের শিকার স্কুলছাত্রীর লেখাপড়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলায় ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী (১৪) স্থানীয় প্রভাবশালী পরিবারের সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে নিরাপত্তাহীন জীবন কাটাচ্ছে। ভয়ে বিদ্যালয়ে যেতে না পারায় তার লেখাপড়াও বন্ধ হয়ে গেছে।মেয়েটির পরিবারের অভিযোগ, অষ্টম শ্রেণীতে পড়ার সময় বছর দেড়েক আগে মেয়েটি স্থানীয় হাড়িপাড়া গ্রামের আমির হোসেনের (২৬) কাছে প্রাইভেট পড়ত। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে আমির তার সঙ্গে শারীরিক সম্পর্কও গড়ে তোলে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে স্থানীয় এক পল্লি চিকিৎসকের মাধ্যমে মেয়েটির গর্ভপাত ঘটানো হয়। বিষয়টি জানাজানি হলে আমিরের পরিবার মেয়েটিকে চরিত্রহীন অপবাদ দিয়ে আমিরকে অন্যত্র বিয়ে দেয়।মেয়েটির বাবা জানান, এ নিয়ে এলাকায় বিচারের চেষ্টা করেও লাভ হয়নি। বাধ্য হয়ে তাঁর মেয়ে গত ১২ ফেব্রুয়ারি বরগুনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আমিরকে আসামি করে মামলা করে। তিনি বলেন, ‘এখন আমির ও তাঁর লোকজন আমাদের ভিটা ছাড়া করার হুমকি দিচ্ছে। আমার মেয়ে ভয়ে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত তার জেএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এখন তো স্কুলেই যেতে পারে না।’বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির বরগুনা জেলা প্রতিনিধি সেলিনা আকতার বলেন, ‘কোনো নারীকে ভুল বুঝিয়ে বা ফুসলিয়ে কোনো ব্যক্তি শারীরিক সম্পর্ক স্থাপন করলে তা ধর্ষণ হিসেবে গণ্য হয়।’মুঠোফোনে যোগাযোগ করা হলে আমির হোসেন সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ কেটে দেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এত দিন মামলাটির কেন তদন্ত হয়নি তা আমার জানা নেই। আমি সম্প্রতি এখানে আছি। গত বৃহস্পতিবার মামলার নথি পেয়ে তদন্ত শুরু করেছি।’