মামলা করায় ব্যবসায়ীর পরিবার একঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের ঘটনায় প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে মামলা করায় বগুড়ার ধুনট বাজারের ব্যবসায়ী স্বপন কুমার সাহার পরিবারকে চার বছর ধরে একঘরে করে রাখা হয়েছে। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর গ্রামের বাসিন্দা।সোনামুখী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ কবির জানান, স্বপন কুমারকে একঘরে করে রাখার বিষয়ে অনেকবার মীমাংসার চেষ্টা করা হয়েছে, কিন্তু সমঝোতা হয়নি। কয়েক দিনের মধ্যে আবার বসে বিষয়টি সমাধান করা হবে।হরিনাথপুর গ্রামের বাসিন্দারা জানান, স্বপন কুমার সাহার বসতঘরের পাশে ২১ শতক জায়গায় দুর্গামন্দির ছিল। তিনি ১৯৯৯ সালে ওই জমির মালিক রবীন্দ্র নাথের কাছ থেকে কেনেন। পরে জমির কিছু অংশ দখলে নিয়ে সেখানে ঘর তোলেন। কিন্তু দুর্গামন্দিরের জায়গা কেনার অপরাধে গ্রামের প্রভাবশালীরা তাঁর পরিবারকে বাদ দিয়ে সেখানে জোর করে পূজা করার চেষ্টা চালান। এ ঘটনায় স্বপন কুমার সাহা বাদী হয়ে ২০০৮ সালে বিনয় কুমার সাহাসহ গ্রামের কয়েকজন সমাজপতির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা জজ আদালতে একাধিক মামলা করেন। এ কারণে সমাজপতিরা তাঁর পরিবারকে একঘরে করে রাখেন। এদিকে আদালত এ বছরের ১৭ জুলাই ওই জমিতে না যাওয়ার জন্য প্রতিপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন।এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন ঈদের আগের মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় স্বপনের ধুনট বাজারে অবস্থিত মুদি দোকানে ডালের বস্তার মধ্যে পাঁচ বোতল ফেনসিডিল ও দুই পুরিয়া গাঁজা রেখে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ এসে মাদকদ্রব্যসহ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।এ ঘটনায় ধুনট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র এ জি এম বাদশার নেতৃত্বে ব্যবসায়ী ঐক্য পরিষদের লোকজন রাস্তা অবরোধ ও তাৎক্ষণিকভাবে থানা ঘেরাও কর্মসূচির আহ্বান করেন। এ সময় পুলিশ পরিস্থিতি বেগতিক দেখে স্বপন কুমারকে এক ঘণ্টা পর থানা থেকে ছেড়ে দেয়। পরদিন স্বপন কুমার তাঁর পরিবারের নিরাপত্তা চেয়ে বিনয় কুমার সাহা, সন্তোষ কুমার সাহাসহ ১১ জন সমাজপতির বিরুদ্ধে ধুনট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। স্বপন কুমার সাহা বলেন, ‘গ্রামের সমাজপতিদের বিরুদ্ধে মামলা করায় তাঁরা আমাকে চার বছর ধরে একঘরে করে রেখেছেন। তাঁরা আমার দোকানে মাদক রেখে পুলিশের কাছে আমাকে ধরিয়ে দেন।’বিনয় কুমার সাহা বলেন, ‘স্বপন কুমার আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করায় তাঁকে আমরা একঘরে করে রেখেছি।’ মাদক রাখার ঘটনার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘স্বপনের সঙ্গে মামলা থাকলেও আমরা এ ধরনের কাজ করি নাই।’