বখাটের উত্ত্যক্তের শিকার হয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক স্কুলছাত্রীর বাড়ি ছাড়ার ঘটনাটি তদন্ত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। ওই ছাত্রীর বাবা জানান, বখাটের বিরুদ্ধে মামলা করার পর এলাকায় তিনি খুবই চাপের মুখে আছেন। এখনো আসামি ধরা না পড়ায় তিনি পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।একটি সূত্র জানায়, ৪ সেপ্টেম্বর প্রথম আলোয় এ সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হওয়ার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ময়মনসিংহের জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। এরপর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমানকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি গত রোববার নারায়ণপুর গ্রামে গিয়ে স্কুলছাত্রীর বাবা, বখাটে সুমন দাশের বাবা সুশীল চন্দ্র দাশ ও কাকা সুধীর চন্দ্র দাশের সাক্ষ্য নেন। ওই ছাত্রী গত ১৫ জুন প্রাইভেট পড়তে যাওয়ার পথে বখাটে সুমন তাকে রাস্তা থেকে এক সহযোগীর মাধ্যমে ডেকে নিয়ে গ্রামের একটি বাড়িতে আটকে তার সঙ্গে অশালীন আচরণ করেছেন বলে গ্রামবাসী আজাদুর রহমানের কাছে স্বীকার করেছেন। এ সময়ে সিংরইল ইউপি চেয়ারম্যান হাসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাহার আলী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান গত সোমবার জানান, তিনি পরবর্তী কর্মদিবসে তদন্ত প্রতিবেদন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাবেন।